সুদানের ব্লু নাইল অঙ্গরাজ্যে ড্রোন হামলায় কমপক্ষে ১৯ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে একটি মানবাধিকার সংগঠন। সুদানের সামরিক বাহিনীর একটি সূত্র আল জাজিরাকে জানায়, আধাসামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) মঙ্গলবার গভীর রাতে ধারাবাহিক হামলায় দমাজিন শহরকে লক্ষ্যবস্তু করে এবং এতে অন্তত ২০ জন আহত হয়েছেন।
ব্লু নাইলের রাজধানী দমাজিনের একাধিক স্থাপনা এবং পার্শ্ববর্তী রোসাইরেস শহরে এসব হামলা চালানো হয়। সামরিক সূত্রের তথ্য অনুযায়ী, দমাজিনের একটি আবাসিক এলাকায় বোমাবর্ষণে তিনটি পরিবার প্রাণ হারিয়েছে। সুদানের রাজধানী খার্তুমভিত্তিক মানবাধিকার সংগঠন ‘ইমার্জেন্সি লইয়ার্স’ জানিয়েছে, ড্রোন হামলায় দমাজিনের বিদ্যুৎ স্থাপনা এবং রোসাইরেসের একটি বড় বাঁধও লক্ষ্যবস্তু হয়েছে; নিহতদের মধ্যে ছয়জন নারী রয়েছেন।
সুদানের সশস্ত্র বাহিনী (এসএএফ) ও আরএসএফের মধ্যে বর্তমানে বড় ধরনের গৃহযুদ্ধ চলছে। আল জাজিরার সংবাদদাতা আলমিগদাদ আলরুহাইদ জানান, দক্ষিণ-পূর্বাঞ্চলীয় ব্লু নাইল অঙ্গরাজ্য কৌশলগত দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ; কারণ এটি সুদানের সবচেয়ে অস্থিতিশীল কয়েকটি অঞ্চলের সীমান্তবর্তী এবং এখানে এসএএফের অন্যতম অভিজ্ঞ যোদ্ধারা অবস্থান করছেন।

ওমদুরমান থেকে আলরুহাইদ বলেন, সাম্প্রতিক দিনগুলোতে আরএসএফ ও এসএএফের মধ্যে ড্রোন হামলার ব্যবহার আশঙ্কাজনক হারে বেড়ে গেছে। এর আগে গত ২২ নভেম্বর খার্তুম ও ওমদুরমানের আশপাশে রাজধানী এলাকায় ড্রোন হামলায় অন্তত চারজন নিহত হন এবং কর্মীরা ভেতরে থাকা অবস্থাতেই জাতিসংঘের একটি ভবন ক্ষতিগ্রস্ত হয়।
পরিসংখ্যান অনুযায়ী, এ বছরের জানুয়ারি থেকে জুনের মধ্যে সুদানে অন্তত ১ হাজার ৩৯০ জন বেসামরিক নাগরিক নিহত হন, যাঁদের ৮০ শতাংশই ড্রোন হামলায় প্রাণ হারিয়েছেন; আর পরবর্তী চার মাসে আরও ৮৪০ জন বেসামরিক নাগরিক নিহত হন, যার মধ্যে প্রায় ৫২০ জন ড্রোন হামলায় মারা যান। দমাজিন বা খার্তুম—কোনো স্থানেই বেসামরিক মানুষের জন্য নিরাপদ জোন নেই বলে উল্লেখ করেন এই সংবাদদাতা।
২০১৯ সালে গণবিক্ষোভের মুখে তৎকালীন প্রেসিডেন্ট ওমর আল-বশির ক্ষমতাচ্যুত হওয়ার পর দুই প্রতিদ্বন্দ্বী পক্ষের ক্ষমতা ভাগাভাগির চুক্তি ভেঙে গেলে ২০২৩ সালে সুদানে গৃহযুদ্ধ শুরু হয়। বশিরের পতনের পর সুদানের কার্যত শাসক ও এসএএফ প্রধান আবদেল ফাত্তাহ আল-বুরহান এবং তাঁর সাবেক ডেপুটি থেকে প্রতিদ্বন্দ্বী হয়ে ওঠা আরএসএফ প্রধান মোহাম্মদ হামদান দাগালো (হেমেদতি) একে অপরের বিরুদ্ধে প্রথমে হামলার অভিযোগ তুলে আসছেন।
বর্তমানে চতুর্থ বছরে গড়ানো এই যুদ্ধে অন্তত ৫৯ হাজার মানুষ নিহত হয়েছেন, প্রায় ১ কোটি ৩০ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন এবং দেশের বিভিন্ন অঞ্চল দুর্ভিক্ষের মুখে পড়েছে।
