হরমুজে মাছ ধরার নৌকায় মার্কিন ড্রোন হামলা, নিখোঁজ এক

কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালীতে তিন আরোহীসহ একটি মাছ ধরার নৌকায় মার্কিন ড্রোন হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেছে ইরান। আজ রোববার ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম দেশটির সামরিক বাহিনীর বরাতে এই খবর প্রকাশ করেছে।

ইরানি সামরিক বাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, রোববার ভোরে দক্ষিণ ইরানের হরমোজগান প্রদেশের সিরিক কাউন্টির উপকূলের অদূরে নৌকাটিতে ওই হামলা চালানো হয়।

হামলার সময় নৌকাটিতে তিনজন আরোহী ছিলেন; তাদের মধ্যে দুজনকে উদ্ধার করে চিকিৎসার জন্য একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং নৌকাটির মালিক মাহমুদ আলাফতেহকে খুঁজে পেতে উদ্ধার

বিশ্বের জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ এই করিডোর ঘিরে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে তীব্র মুখোমুখি অবস্থান বিরাজ করছে। প্রণালীটি বন্ধ করে দেওয়ার ইরানি প্রচেষ্টা উপেক্ষা করে ওই জলপথ দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজগুলোকে নিরাপত্তা দিয়ে পার করানোর (এসকর্ট) কাজ করছে মার্কিন সামরিক বাহিনী।

গত ফেব্রুয়ারিতে ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার পর যে যুদ্ধ শুরু হয়েছিল, তা নিরসনের কূটনৈতিক প্রচেষ্টা বর্তমানে স্থবির হয়ে পড়েছে, বিশেষ করে স্থায়ী সমাধানের পথরেখা তৈরি করা গত জুনের একটি চুক্তি ভেস্তে যাওয়ার পর থেকে সংকট আরও ঘনীভূত হয়েছে।

তেহরানের পক্ষ থেকে জানানো হয়েছে, ওয়াশিংটন যদি ইরানের দেওয়া দাবির তালিকা মেনে নেয়—যার মধ্যে হরমুজ প্রণালীর ওপর আরোপিত অবরোধ তুলে নেওয়ার শর্তও রয়েছে, তবে দুই দিনের মধ্যেই প্রণালীটি খুলে দেওয়া সম্ভব।

তথ্যসূত্র: তাসনিম নিউজ