প্রধানমন্ত্রী হিসেবে মোদির শপথ হতে পারে শনিবার

একক সংখ্যাগরিষ্ঠতা হারালেও বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটের বিজয়ে টানা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন নরেন্দ্র দামোদর দাস মোদি। 

আগামী শনিবার বিকেলে তার শপথ গ্রহণ অনুষ্ঠান হতে পারে বলে সূত্রের বরাতে এক প্রতিবেদনে জানিয়েছে ইন্ডিয়া টুডে।  

এনডিএ জোট সরকার গঠন করলে মোদি প্রধানমন্ত্রী হিসেবে যদি শপথ নেন, তাহলে জওহরলাল নেহরুর পর টানা তৃতীয় মেয়াদে প্রধানমন্ত্রী হিসেবে দ্বিতীয় নেতা হবেন তিনি। 

ইন্ডিয়া টুডের প্রতিবেদনে লেখা হয়েছে, আগের দিন প্রধানমন্ত্রী মোদি লোকসভা নির্বাচনের ফলাফলের পর্যালোচনা করতে কেন্দ্রীয় মন্ত্রিসভার একটি বৈঠকের সভাপতিত্ব করেন, যেখানে পরবর্তী সরকার গঠনের বিষয়েও আলোচনা হয়। 

প্রধানমন্ত্রীর বাসভবনে হওয়া ওই বৈঠকটিই ছিল নরেন্দ্র মোদির বর্তমান সরকারের সময়ে শেষ মন্ত্রিসভার বৈঠক। ওখানেই সিদ্ধান্ত হয়, বর্তমান লোকসভা ভেঙে দেওয়ার সুপারিশ করবে মন্ত্রিসভা, যার মেয়াদ শেষ হবে ১৬ জুন। 

ভোটের পর সরকার গঠনের বিষয়ে জোট নেতাদের দিল্লিতে ডেকেছে এনডিএ। বুধবার বিকেল চারটায় অনুষ্ঠিত হবে জোটের বৈঠক। সেখানে যোগ দিতে দিল্লিতে পৌঁছাতে শুরু করেছেন এনডিএ নেতারা। এই বৈঠকেই সরকার গঠনের বিষয়ে বিস্তারিত আলোচনা হবে। 

যেহেতু একক সংখ্যাগরিষ্ঠতা হারিয়ে নরেন্দ্র মোদির বিজেপি এবার নির্ভরশীল হয়ে পড়েছে, তাই জোট শরিকদের অনেক দাবি এবার মানতে হবে। প্রধান দুই শরিক নেতা অন্ধ্রপ্রদেশের চন্দ্রবাবু নাইডু ও বিহারের নীতীশ কুমার দিল্লি পৌঁছে গেছেন। 

বিজেপির মিত্ররা ইতোমধ্যেই মোদির সম্ভাব্য নতুন মন্ত্রিসভার জন্য দাবিদাওয়া প্রকাশ্যে আনতে শুরু করেছেন। নীতীশের জেডিইউ থেকে তিনজন পূর্ণমন্ত্রী করার দাবি এসেছে, একনাথ শিন্দে শিবসেনা গোষ্ঠী একটি মন্ত্রিসভা এবং দুটি প্রতিমন্ত্রী দাবি করেছেন।

এছাড়া চিরাগ পাসোয়ানের নেতৃত্বাধীন লোক জনশক্তি পার্টি (রাম বিলাস) একটি পূর্ণমন্ত্রী ও একটি প্রতিমন্ত্রী পদের জন্য চাপ দিতে শুরু করেছে। এইচএএম (এস) প্রধান জিতম রাম মাঞ্জি নতুন সরকারে মন্ত্রী হতে চান বলে খবর বেরিয়েছে।