ডিম-পাথর ছুড়ে গাড়ি ভাঙচুর, পশ্চিমবঙ্গে উত্তজেনা তুঙ্গে

ভারতের পশ্চিমবঙ্গের রাজনৈতিক প্রেক্ষাপটে আবারও প্রকাশ্যে এলো চরম উত্তেজনার দৃশ্য। হুগলিতে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের বিধায়ক ও মুখপাত্র কুণাল ঘোষের গাড়িতে ডিম ও পাথর ছুড়ে ভয়াবহ হামলা চালিয়েছে একদল উত্তেজিত জনতা। শনিবার দলীয় প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভায় যোগ দিতে যাওয়ার পথে এই অনভিপ্রেত আক্রমণের শিকার হন তিনি। কুণাল ঘোষের গাড়ির পেছনের কাচ সম্পূর্ণ চুরমার হয়ে যাওয়ার পর নিরাপত্তাহীনতার মুখে তিনি বাধ্য হয়ে পথ থেকেই কলকাতায় ফিরে যান।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, ক্ষুব্ধ আন্দোলনকারীরা কুণাল ঘোষের গাড়ি ঘিরে ধরে সেটিতে ক্রমাগত আঘাত করছে এবং ডিম ও পাথর ছুড়ে মারছে। একই সাথে তারা ‘কুণাল ঘোষ গো ব্যাক’ স্লোগানে চারপাশ মুখরিত করে তোলে। ঘটনার সময় কুণাল ঘোষ গাড়ির ভেতরেই বসা ছিলেন। এ হামলার প্রতিক্রিয়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করে কুণাল ঘোষ বলেন, এটি পুরোপুরি জঙ্গলরাজ! আমার গাড়িতে পাথর ও ডিম ছুড়ে রাস্তা আটকে দেওয়া হলো, অথচ আশেপাশে কোনো পুলিশ ছিল না। আমি সোজা লালবাজার বা ভবানী ভবনে গিয়ে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করব।

WB Chaos 01
তৃণমূলের শীর্ষ নেতৃত্ব এই হামলার পেছনে সরাসরি বিজেপির হাত রয়েছে বলে তোপ দেগেছে। দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করে বলেন, আমাদের কর্মী-সমর্থকদের শ্রীরামপুরের জনসভায় আসতে বাধা দেওয়া হচ্ছে। পুলিশও মানুষের পথ আটকাচ্ছে। এমন ঘটনা তো আফ্রিকার দেশগুলোতেও ঘটে না! তৃণমূলের স্থানীয় অন্যান্য নেতারা এটিকে বিজেপির পূর্বপরিকল্পিত ষড়যন্ত্র হিসেবে আখ্যা দিলেও পাল্টা জবাব দিয়েছে বিজেপি। উত্তরপাড়ার বিজেপি বিধায়ক দীপঞ্জন চক্রবর্তী দাবি করেছেন, এটি কোনো রাজনৈতিক আক্রমণ নয়, বরং দুর্নীতিগ্রস্ত তৃণমূল নেতাদের প্রতি সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত ক্ষোভের বহিঃপ্রকাশ।

গত মে মাসের নির্বাচনে তৃণমূলের পর্যদুস্ত হওয়ার পর থেকেই একের পর এক তৃণমূল নেতার ওপর ডিম ও পাথর ছোড়ার ঘটনা রাজ্যজুড়ে মাথাচড়া দিয়ে উঠেছে। সম্প্রতি নদিয়ার তেহট্টে মহুয়া মৈত্রও একই ধরনের বিক্ষোভের মুখে পড়েছিলেন। এর আগে হাইকোর্টও একের পর এক ডিম হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে রাজ্য সরকারের কাছে জবাবদিহি চেয়েছিল। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নির্বাচনের পর পশ্চিমবঙ্গে যে রাজনৈতিক অস্থিরতা শুরু হয়েছে, হুগলির এই তাণ্ডব তারই এক ভয়াবহ চিত্র ফুটিয়ে তুলল।

তথ্যসূত্র: এনডিটিভি