রাহুল-মমতার নেতৃত্বে মোদীবিরোধী ঐতিহাসিক মহাসমাবেশ

ভারতে নির্বাচন কমিশনের বিতর্কিত ‘বিশেষ নিবিড় সংশোধন’ প্রক্রিয়ার মাধ্যমে তালিকা থেকে ১৩ কোটিরও বেশি ভোটারের নাম বাদ দেওয়ার প্রতিবাদে এবং ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে উত্তাল হয়ে উঠেছে রাজধানী নয়া দিল্লি।

রোববার বিরোধী জোট ইন্ডিয়ার আয়োজিত ‘চলো দিল্লি’ কর্মসূচির অংশ হিসেবে দিল্লির ঐতিহাসিক রামলীলা ময়দানে অনুষ্ঠিত হয়েছে সাম্প্রতিককালের অন্যতম বৃহত্তম বিরোধী মহাসমাবেশ।

Delhi Protest 02
দূষণনিয়ন্ত্রণ বিধিনিষেধের কারণে যানবাহন চলাচলে কড়াকড়ি থাকলেও দুপুরের আগেই রামলীলা ময়দানের ১২ একরের চত্বর লাখো মানুষের উপস্থিতিতে জনসমুদ্রে পরিণত হয়। বহু বিক্ষোভকারী ময়দানে ঢুকতে না পেরে কনট প্লেস ও আশপাশের এলাকায় ছড়িয়ে পড়েন।

হুডখোলা গাড়িতে বিরোধী নেতাদের বিশাল মিছিল: রোববার সকাল থেকেই সমাবেশের অনুমতি ও মিছিলে নিষেধাজ্ঞা ঘিরে রাজনৈতিক নানা জল্পনা ছিল। বেলা সাড়ে ১১টার দিকে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের বাসভবনে একত্রিত হন শীর্ষ বিরোধী নেতারা।

Delhi Protest 06
সেখান থেকে মল্লিকার্জুন খাড়গে, রাহুল গান্ধী, সোনিয়া গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী ভাদ্রে, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব, আরজেডি নেতা তেজস্বী যাদব, ফারুক আবদুল্লাহ, মেহবুবা মুফতি, সুপ্রিয়া সুলে, সঞ্জয় রাউত এবং অন্যান্য শীর্ষ নেতারা খোলা গাড়িতে চেপে রামলীলা ময়দানের উদ্দেশ্যে রওনা হন।

কনট প্লেস-মিন্টো রোড ক্রসিং থেকে প্রায় এক কিলোমিটারের পথ পেরিয়ে ময়দানে পৌঁছাতে এই বর্ণাঢ্য মিছিলের সময় লাগে দুই ঘণ্টারও বেশি। মিছিলের সঙ্গে পা মেলান হাজার হাজার দলীয় কর্মী-সমর্থক। জনতার উপচে পড়া ভিড়ের মুখে নিরাপত্তা সুনিশ্চিত করতে পুলিশ ময়দানের বেশ কয়েকটি ফটক বন্ধ করে দেয়। এলাকা জুড়ে মোতায়েন ছিল প্রায় ১০ হাজার পুলিশ সদস্য।

Delhi Protest 08
সোশ্যাল মিডিয়ায় বহুল জনপ্রিয় যুব প্ল্যাটফর্ম ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)-র নেতা অভিজিৎ দিপকে এই আন্দোলন ও সিইসি জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিকে সমর্থন জানান। মিছিলে অরাজনৈতিক এই সংগঠনের বিপুল সংখ্যক তরুণ-তরুণীকে তেলাপোকার পোস্টার হাতে হাঁটতে দেখা যায়। এর পাশাপাশি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ‘হিউম্যান রাইটস ওয়াচ’ও ভারতের এই ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়াকে চরম ত্রুটিপূর্ণ হিসেবে আখ্যা দিয়ে তা অবিলম্বে বাতিলের দাবি জানিয়েছে।

বাণিজ্যিক ক্ষতি ও রাজনৈতিক পাল্টাপাল্টি লড়াই: দিওয়ালি উৎসবের আগে ব্যবসা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কায় দিল্লির স্থানীয় ব্যবসায়ীদের সংগঠন চেম্বার অব ট্রেডার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি সমাবেশটি ১০ দিন পিছিয়ে দেওয়ার অনুরোধ জানিয়েছিল। এ প্রসঙ্গে সমাবেশস্থ যাওয়ার পথে রাহুল গান্ধী অভিযোগ করে বলেন, বিজেপি জোরপূর্বক আশপাশের সব দোকান-পাট ও বাজার বন্ধ করে দিয়েছে, যাতে আমাদের কর্মী-সমর্থকেরা কিছু কিনতে না পারেন এবং ব্যবসায়ীদের ক্ষোভ বিরোধীদের ওপর চাপানো যায়।

Delhi Protest 01
অন্যদিকে, বিরোধীদের এই মহাসমাবেশ বানচাল ও রাজনৈতিকভাবে মোকাবিলা করতে পাল্টা কৌশল নেয় ক্ষমতাসীন বিজেপি। ১৯৮৪ সালের শিখ নিধন দাঙ্গায় নিহতদের প্রতি শ্রদ্ধা ও সমবেদনা জানাতে পশ্চিম দিল্লিতে একটি পাল্টা মিছিল বের করে দলটি। এই মিছিলে নেতৃত্ব দেন দিল্লির বিজেপি নেত্রী রেখা গুপ্তা এবং কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরী। বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয়, কংগ্রেস ও তার মিত্র জোট ভারতের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর ওপর থেকে আস্থা হারিয়ে দেশে অরাজকতা তৈরির চেষ্টা চালাচ্ছে।