কংগ্রেসের নেতৃত্বাধীন ‘ইন্ডিয়া’ জোট কি ভাঙ্গনের মুখে?

ভারতের লোকসভা নির্বাচনকে ঘিরে আসন ভাগাভাগির টেবিলে সমঝোতার সুর বাজার কথা থাকলেও এবার যেন আগুনে ঘি ঢেলে দিল সমাজবাদী পার্টি (এসপি)। ‘স্পেশাল ২৬’-এর মোড়কে দেওয়া প্রস্তাবের তিক্ততা কাটতে না কাটতেই আসন্ন নির্বাচনের পাঁচজন প্রার্থীর নাম ঘোষণা করে কংগ্রেসের ক্ষোভের আগুনে যেন বাড়তি হাওয়া দিল অখিলেশ যাদবের দল। এতে রীতিমতো ফুঁসছে কংগ্রেস, আর জোটের আলোচনা এখন মুখ থুবড়ে পড়ার উপক্রম।

এনডিটিভিকে দেয়া এক ঝাঁজালো সাক্ষাৎকারে কংগ্রেস এমপি ও প্রদেশ কার্যকরী সভাপতি ইমরান মাসুদ জানিয়েছেন, তারা কোনো ভিখারি নন, আর প্রার্থীই যদি ঘোষণা করতে হয়, তবে আলোচনার অর্থ কী? সমাজবাদী পার্টি চাইলে সব ৪০৩টি আসনেই প্রার্থী দিতে পারে, এমন কড়া চ্যালেঞ্জও ছুড়ে দিয়েছেন তিনি।

India Politics 2
পশ্চিম উত্তর প্রদেশের সাহারানপুর থেকে লোকসভায় প্রতিনিধিত্ব করা ইমরান মাসুদের ক্ষুব্ধ হওয়ার পেছনে ব্যক্তিগত ও রাজনৈতিক হিসাবও বেশ জোরালো। মঙ্গলবার রাতে সমাজবাদী পার্টি যে পাঁচটি আসনের প্রার্থী তালিকা প্রকাশ করেছে, তার মধ্যে বেহাট ও সাহারানপুর বিধানসভা আসনও রয়েছে- যে আসন দুটিতে আসন সমঝোতার আওতায় চোখ ছিল কংগ্রেসের।

আলোচনা চলাকালে একতরফাভাবে প্রার্থী ঘোষণা করাকে জোটের প্রতি গুরুত্বের অভাব হিসেবেই দেখছেন মাসুদ। তাঁর অভিযোগ, সমাজবাদী পার্টি প্রধান অখিলেশ যাদবের কথা ও কাজের মধ্যে বিস্তর ফারাক রয়েছে; সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি এক কথা লেখেন, আর বাস্তবে করেন ঠিক তার উল্টো।

অথচ মঙ্গলবারই এক্সে এক খোলা চিঠির মতো পোস্টে বিজেপিকে হটানোর ‘ঐতিহাসিক সুযোগ’ কাজে লাগাতে বাস্তবতা ও জনআকাঙ্ক্ষার ভিত্তিতে গম্ভীর আলোচনার ডাক দিয়েছিলেন অখিলেশ, যেখানে জয়-পরাজয়ের অনুপাত আর সম্মানজনক আসন বণ্টনের কথা বলেছিলেন তিনি।

সাক্ষাৎকারে সমাজবাদী পার্টিকে অতীতের ব্যর্থতা ও সাম্প্রতিক সাফল্যের হিসাবও কড়া ভাষায় বুঝিয়ে দিয়েছেন মাসুদ। তাঁর দাবি, রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রা যে রাজনৈতিক রূপান্তর ঘটিয়েছে, তার প্রতিফলন ২০২৪ সালের লোকসভা নির্বাচনে দেখা গেছে; অথচ ২০২২ সালে আরএলডিসহ বড় জোট নিয়েও বিজেপিকে হারাতে ব্যর্থ হয়েছিল সমাজবাদী পার্টি।

India Politics 1
এমনকি ২০২৪-এর লোকসভা নির্বাচনে রাহুল গান্ধী বড় মন নিয়ে সমাজবাদী পার্টিকে বেশি আসন ছেড়ে দিয়েছিলেন বলেও দাবি করেন তিনি—এবং দ্ব্যর্থহীন কণ্ঠে বলেন, রাহুল গান্ধীকে ছাড়া বিজেপিকে হারানো সম্ভব নয়। তবে কংগ্রেস জোটসঙ্গী বা সহযাত্রী হতে রাজি থাকলেও সমাজবাদী পার্টির ‘অনুগামী’ বা দ্বিতীয় সারির সঙ্গী হবে না বলেও স্পষ্ট বার্তা দিয়েছেন এই নেতা।

অন্যদিকে, জোটের আলোচনায় বিষাক্ত পরিবেশ তৈরির দায় কংগ্রেসেরই ‘মুখর’ নেতাদের ওপর চাপাচ্ছে সমাজবাদী পার্টির সূত্রগুলো। তাঁদের অভিযোগ, লাগাম টানার বদলে কংগ্রেস উল্টো এমন নেতাদের প্রশ্রয় দিচ্ছে, যাঁরা গণমাধ্যমে নিয়মিত মন্তব্য করে জোটের আলোচনা ভেস্তে দিচ্ছেন, যা প্রকারান্তরে শুরু থেকেই উচ্চকণ্ঠ থাকা ইমরান মাসুদের দিকেই ইঙ্গিত করে।

পাশাপাশি আলোচনায় কংগ্রেসের কমিটির গঠন নিয়েও প্রশ্ন তুলেছে এসপি সূত্র, যেখানে নিজেদের জ্যেষ্ঠ নেতাদের রাখলেও কংগ্রেসের দলে আরও ইতিবাচক মানুষ থাকা উচিত ছিল বলে মনে করছে তারা। এসপির মতে, পাঁচজন প্রার্থীর নাম ঘোষণা করে তাঁরা যেমন নিজেদের নির্বাচনী প্রস্তুতি ও অবস্থানের শক্তি দেখিয়েছেন, তেমনি কংগ্রেস কেবল দাবি তুললেও নিজেদের পছন্দের প্রার্থীদের নাম এখনো প্রকাশ করতে পারেনি, ফলে জোটের অন্দরমহলের এই টানাপোড়েন যে সামনের দিনে আরও নাটকীয় রূপ নিতে পারে, তা বলাই বাহুল্য।