চলতি বছরের বিভিন্ন সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ২৪ হাজার ১২০ জন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৩ হাজার ৩০৪ জন। ২৪ ঘণ্টায় নতুন করে আরো দুই ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে।
বুধবার (৩ নভেম্বর) বিকেলে সারাদেশের পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সী অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে নতুন দুই মৃত্যুসহ চলতি বছর মৃত্যু হয়েছে ৯৪ জনের। এরমধ্যে জুলাইয়ে ১২ জন, আগস্টে ৩৪ জন, সেপ্টেম্বরে ২৩ জন, অক্টোবরে ২২ জন এবং নভেম্বরে ৩ জন মারা গেছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে বলা হয়েছে, ঢাকার পাশাপাশি অন্যান্য জেলাতেও ডেঙ্গুর বিস্তার হচ্ছে। গত ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ১৭৭ জন। এর মধ্যে ঢাকায় জেলার বাসিন্দা ১৩১ জন। বাকি ৪৬ জন অন্যান্য জেলার।
দেশের বিভিন্ন হাসপাতালে বর্তমানে ডেঙ্গু রোগী ভর্তি আছেন ৭২২ জন। এর মধ্যে ঢাকার ৪৬টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন ৫৭০ জন। অন্যান্য বিভাগে ভর্তি আছেন ১৫২ জন।
প্রসঙ্গত, চলতি বছরের জানুয়ারি মাসে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন ৩২ জন, ফেব্রুয়ারিতে ৯ জন, মার্চে ১৩ জন, এপ্রিলে ৩ জন, মে মাসে ৪৩ জন, জুনে ২৭২ জন আর জুলাইয়ে আগের সব রেকর্ড ভেঙে শনাক্ত হয় ২ হাজার ২৮৬ জন। এরপর আগস্টের মাত্র ১০ দিনেই ডেঙ্গু জুলাইয়ের রেকর্ড ভাঙে। পুরো মাসে আক্রান্ত হন সাত হাজার ৬৯৮ জন। এরপর আগস্টের রেকর্ড ছাড়ায় সেপ্টেম্বর। সে মাসে বিভিন্ন সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ৭ হাজার ৮৪১ জন। এরপর অক্টোবরে ৫ হাজার ৭৪৬ জন বিভিন্ন সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হন।
আরও পড়ুন: করোনায় একদিনের ব্যবধানে মৃত্যুর সঙ্গে বাড়লো শনাক্ত
২০১৯ সালে দেশে ডেঙ্গু মারাত্মক আকার ধারণ করায় এক লাখের বেশি মানুষ আক্রান্ত হয়েছিলেন। পরের বছর ২০২০ সালে তা অনেকটা কমে আসায় হাসপাতালগুলো ১ হাজার ৪০৫ জন ডেঙ্গু রোগী পেয়েছিল। এবার আবারো রোগী সংখ্যা ব্যাপকহারে বাড়তে শুরু করেছে। স্বাস্থ্য সংশ্লিষ্টরা মহামারি করোনার মধ্যেই এমনভাবে ডেঙ্গুর বৃদ্ধি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।
একাত্তর/আরএ