জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদে এবং ভাড়া বৃদ্ধির দাবিতে তিন দিন ধরে ধর্মঘট চালিয়ে আসা পরিবহন মালিকরা ভাড়া বাড়াতে সরকারের সঙ্গে বৈঠকে বসেছেন।
রেববার (৭ নভেম্বর) বেলা সাড়ে ১১ টার দিকে ঢাকার বনানীতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) দপ্তরে এ বৈঠক শুরু হয়।
বিআরটিএ চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদারের সভাপতিত্বে এ বৈঠকে অংশ নিয়েছেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহ, বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সহসাধারণ সম্পাদক রাকেশ ঘোষ, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনসহ সরকারি-বেসরকারি সংগঠনের প্রতিনিধিরা।
বিআরটিএ কর্মকর্তারা সাংবাদিকদের বলেন, বৈঠকের পর নতুন ভাড়ার বিষয়ে কোনো সিদ্ধান্ত এলে এ বিষয়ে গণমাধ্যমকে অবহিত করা হবে।
এর আগে অতিরিক্ত দামে ডিজেল কিনে পরিবহন চালাতে পারবেন না বলে জানায় মালিকরা। ডিজেলের দাম কমানো, নতুবা ভাড়া সমন্বয়ের দাবি ওঠে সংগঠনগুলোর পক্ষ থেকে। দাবি পূরণ না হলে পরিবহন চালানো সম্ভব নয় বলে জানান তারা। তাদের সঙ্গে একমত হন পরিবহন শ্রমিক নেতারা।
অন্যদিকে জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্বান্তকে অযৌক্তিক হিসাবে উল্লেখ করার পাশপাশি চলমান পরিবহন ধর্মঘট তুলে নেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।
সরকার ডিজেলের দাম ২৩ শতাংশ বাড়ানোর পর শুক্রবার সকাল থেকে পরিবহন মালিক-শ্রমিকদের ধর্মঘট শুরু হয়।
আরও পড়ুন: রাজধানীতে পুলিশের পাঁচ দিনের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৭৪৮
শুক্রবার থেকেই নগরপরিবহন ও দূরপাল্লার বাসের পাশাপাশি পণ্যবাহী যানবাহন চলাচল বন্ধ রয়েছে। শনিবার থেকে লঞ্চও বন্ধ রাখা হয়েছে। এ পরিস্থিতিতে তিন দিন ধরে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।
এর আগে শনিবার (৬ নভেম্বর) স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালের সঙ্গে বৈঠক করে ট্রাক ও কাভার্ডভ্যান মালিক-শ্রমিকরা।
শনিবার সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছিলেন, বিআরটিএ’র পরিবহনের ভাড়া পুনর্নির্ধারণ কমিটির বৈঠকে পরিবহন মালিক-শ্রমিকদের প্রতিনিধিসহ সংশ্লিষ্ট স্টেকহোল্ডাররা উপস্থিত থাকবেন।
উল্লেখ্য, ২০১৫ সালে নগর পরিবহনে বাসের ভাড়া প্রতি কিলেমিটারে ১ টাকা ৭০ পয়সা এবং মিনিবাসের জন্য ১ টাকা ৬০ পয়সা নির্ধারণ করে দেয় সরকার। বাসে ৭ টাকা এবং মিনিবাসে সর্বনিম্ন ভাড়া ৫ নির্ধারণ করা হয়। আর ২০১৬ সালে দূরপাল্লায় ডিজেলচালিত বাস ও মিনিবাসের ভাড়া নির্ধারণ করা হয় ১ টাকা ৪২ পয়সা।
একাত্তর/আরবিএস