মাধ্যমিকের পরীক্ষায় বসেছে ২২ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

করোনার ধাক্কা সামলে সারাদেশে আজ থেকে শুরু হয়েছে এসএসসি, এসএসসি (ভোকেশনাল) ও দাখিল পরীক্ষা। সম্পূর্ণ এক নতুন পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে এবারের পরীক্ষা। এ বছর এসএসসি বা সমমানের পরীক্ষায় অংশ নিয়েছে ২২ লাখ ২৭ হাজার ১১৩ জন পরীক্ষার্থী। 

রোববার (১৪ নভেম্বর) সকাল ১০টায় পদার্থ বিজ্ঞান পরীক্ষার মাধ্যমে দেড় ঘণ্টার এ মাধ্যমিক পরীক্ষা শুরু হয়।

শিক্ষা বোর্ডের নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে শিক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহণ করেছে।

শিক্ষা বোর্ডের নির্দেশনায় বলা হয়েছে, পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশ করতে হবে। যদি যৌক্তিক কারণে কারও দেরি হয় সেক্ষেত্রে পরীক্ষার্থীর নাম, রোল নম্বর, প্রবেশের সময় ও বিলম্ব হওয়ার কারণ রেজিস্টার খাতায় লিখে প্রবেশ করতে হবে।

পাশাপাশি প্রতিবন্ধী শিক্ষার্থীরা শ্রুতিলেখকের সহায়তায় পরীক্ষা দিতে পারবে। তাদের জন্য অতিরিক্ত ২০ মিনিট সময় দেওয়া হবে। এসএসসি পরীক্ষা সুষ্ঠুভাবে ও নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে গত ৮ নভেম্বর থেকে শুরু হয়ে আগামী ২৫ নভেম্বর পর্যন্ত দেশের সব কোচিং সেন্টার বন্ধ থাকবে।

প্রতিবছর ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে এসএসসি পরীক্ষা শুরু হলেও করোনার কারণে দীর্ঘ প্রায় নয় মাস অপেক্ষা করতে হয় শিক্ষার্থীদের। করোনা সংক্রমণ কমে আসলে পুনর্বিন্যাস করা সংক্ষিপ্ত সিলেবাসে এসএসসি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেয় সরকার। শেষপর্যন্ত দেড় বছর পর এসএসসি পরীক্ষার আসনে বসতে পারলো শিক্ষার্থীরা।

শিক্ষা মন্ত্রণালয়ের তথ্যমতে, এ বছর তিন হাজার ৬৭৯টি কেন্দ্রে মোট ২৯ হাজার ৩৫টি স্কুল, মাদরাসা ও কারিগরি প্রতিষ্ঠানের ২২ লাখ ২৭ হাজার ১১৩জন পরীক্ষার্থী এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশগ্রহণ করবেন। ৯টি সাধারণ বোর্ড থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেবেন ১৭ হাজার ৬৭৬টি স্কুলের ১৮ লাখ ৯৯৮ জন শিক্ষার্থী।

আরও পড়ুন: দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

২৩ নভেম্বর পর্যন্ত এসএসসির লিখিত পরীক্ষা এবং ২১ নভেম্বর পর্যন্ত দাখিল ও এসএসসি ভোকেশনাল পরীক্ষা অনুষ্ঠিত হবে। ২৮ নভেম্বরের মধ্যে শেষ হবে এসএসসি ও দাখিলের ব্যাবহারিক পরীক্ষা। 

পরীক্ষা শেষ হওয়ার ৩০ দিনের মধ্যে এসএসসি ও সমমানের ফল প্রকাশ করা হবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। সে হিসেবে আগামী ডিসেম্বর মাসেই ২০২১ খ্রিস্টাব্দের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হবে।


একাত্তর/আরবিএস