বাংলাদেশকে কোভিড-১৯ টিকাদান কার্যক্রমে চলমান সহায়তার অংশ হিসেবে করোনা ভাইরাসের টিকা পরিবহনের জন্য বাংলাদেশকে ১৮টি ফ্রিজার ট্রাক উপহার দিচ্ছে যুক্তরাষ্ট্র।
সোমবার (১৫ নভেম্বর) ঢাকায় নিযুক্ত মার্কিন দূতাবাসের ভারপ্রাপ্ত ডেপুটি চিফ অব মিশন উইলিয়াম ডাওয়ারস এবং দেশটির আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএসএআইডি'র মিশন ডিরেক্টর ক্যাথরিন স্টিভেনস উপহারের চারটি ট্রাক স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেকের কাছে হস্তান্তর করেন।
বাংলাদেশ সরকারকে সহায়তার লক্ষ্যে মোট ১৮টি ফ্রিজার ট্রাক অনুদান দিচ্ছে ইউএস এইড। এ জন্য সংস্থাটি স্থানীয় বাজার থেকে চারটি ট্রাক সংগ্রহ করেছে এবং বাকি ১৪টি ট্রাক আগামী কিছুদিনের মধ্যেই ঢাকায় এসে পৌঁছাবে।
এ কাজে ইউএসএআইডিকে অংশীদার হিসেবে সহযোগিতা করবে ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেডক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট (আইএফআরসি) এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। সংস্থাগুলো যানবাহন সংগ্রহ, তত্ত্বাবধানের পাশাপাশি সারাদেশে করোনার টিকা দেওয়ার জন্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়কে সহায়তা করবে।
ভারপ্রাপ্ত মার্কিন ডেপুটি চিফ অব মিশন উইলিয়াম ডাওয়ারস ফ্রিজার ট্রাক হস্তান্তর অনুস্থানে বলেন, যুক্তরাষ্ট্র নতুন এই ফ্রিজার ট্রাকগুলো অনুদান দিতে পেরে এবং কোভিড-১৯ মহামারি কাটিয়ে উঠতে বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্ব অব্যাহত রাখতে পেরে সন্তুষ্ট।
আরও পড়ুন: মধ্যরাত থেকে বঙ্গবন্ধু ও মুক্তারপুর সেতুর বর্ধিত টোল আদায়
তিনি বলেন, যুক্তরাষ্ট্র আশা করে করোনা মহামারিকে রুখে দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশ যে আকর্ষণীয় গতি অর্জন করেছে তা টেকসই হবে। মানুষ টিকা নিয়ে নিজেকে ও তার প্রিয়জনকে সুরক্ষা দেবে। যাতে করে সবাই মিলে আরও বেশি স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারে।
ফ্রিজার ট্রাক উপহার দেওয়ায় যুক্তরাষ্ট্রকে ধন্যবাদ জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, আমরা করোনা সংক্রমণ মোকাবিলা করতে পেরেছি। এক মাস ধরে দেশে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। তবে আমরা চাই দেশের সংক্রমণ ও মৃত্যু শূন্যের কোটায় চলে আসুক।
এসময় স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. এ বি এম খুরশিদ আলম উপস্থিত ছিলেন।
একাত্তর/আরএইচ