যমুনা নদীর উপর বঙ্গবন্ধু সেতু এবং ধলেশ্বরী নদীর উপর মুক্তারপুর সেতুর বর্ধিত টোল আদায় আজ মধ্যরাত থেকে কার্যকর হচ্ছে।
সোমবার (১৫ নভেম্বর) সেতু বিভাগের সচিব আবু সিদ্দিক জানান, ১৬ নভেম্বর প্রথম প্রহর অর্থাৎ সোমবার রাত ১২টা থেকে বর্ধিত টোল কার্যকর হবে।
এর আগে সোমবার রাতেই পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে বর্ধিত টোল আদায় কার্যকরের কথা জানানো হবে বলেন নিশ্চিত করেন তিনি।
এর আগে গত ২ নভেম্বর এ দুই সেতুর টোল গড়ে ১৭ শতাংশ বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করে সরকারের সেতু বিভাগ। পরবর্তীতে নতুন টোল সম্পর্কে যাত্রী ও পণ্যবাহী পরিবহনের চালকদের সচেতন করতে সেতু দুইটিতে নতুন টোল সম্বলিত লিফলেট বিতরণ করা হয়।
সর্বশেষ ২০১২ সালে বঙ্গবন্ধু সেতুর টোল বৃদ্ধি করা হয়। এবং ২০০৮ সালে চালু হওয়ার পর মুক্তারপুর সেতুর টোল এই প্রথম বাড়ানো হলো।
সেতুতে পরিবহণ পারাপারে টোলের হার বৃদ্ধি করায় যাত্রী ও পণ্য পরিবহনে প্রভাব পড়বে বলে জানায় সড়ক পরিবহণ খাত সংশ্লিষ্টরা।
আরও পড়ুন: বাংলাদেশে আগামী নির্বাচনে স্বচ্ছতার আশা যুক্তরাজ্যের
সম্প্রতি ডিজেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে পণ্যবাহী পরিবহন মালিক-শ্রমিকদের ডাকা ধর্মঘটেও অন্যতম প্রধান দাবী ছিলো গুরুত্বপূর্ণ বঙ্গবন্ধু ও মুক্তারপুর সেতুর বর্ধিত টোল প্রত্যাহার করার বিষয়টি। এই মধ্যেই বর্ধিত এই টোল কার্যকরের ঘোষণা এলো।
বঙ্গবন্ধু সেতুর নতুন টোল:
টোলের হার বৃদ্ধির ফলে বঙ্গবন্ধু সেতুতে মোটরসাইকেল পারাপারে ৪০ এর বদলে ৫০, কার ও জিপের ৫০০ এর বদলে ৫৫০, ছোট বাসের ৬৫০ এর বদলে ৭৫০, বড় বাসের ৯০০ এর বদলে ১০০০, ছোট ট্রাকের (৫ টন পর্যন্ত) ৮৫০ এর বদলে ১০০০, মাঝারি ট্রাকের (৫-৮ টন পর্যন্ত) ১১০০ এর বদলে ১২৫০, মাঝারি ট্রাকের (৮-১১ টন পর্যন্ত) ১৪০০ এর বদলে ১৬০০, ট্রাক (৩ এক্সেল) ২০০০, ট্রেইলার (৪ এক্সেল পর্যন্ত) ৩০০০, ট্রেইলার (৪ এক্সেল এর অধিক) ৩০০০ এর অতিরিক্ত প্রতি এক্সেলের জন্য ১০০০ টাকা করে দিতে হবে। এছাড়া এই সেতু দিয়ে ট্রেন চলাচল করার জন্য রেল মন্ত্রনালয়কে বছরে এক কোটি টাকা দিতে হবে সেতু বিভাগকে।
মুক্তারপুর সেতুর নতুন টোল:
এদিকে মুক্তারপুর সেতুর টোল বৃদ্ধি করে ৩ চাকা বিশিষ্ট ভ্যান ও মোটর সাইকেল ১৫ টাকা, ৩ চাকা বিশিষ্ট সিএনজি/অটোরিক্সা ৩০ টাকা, কার/টেম্পু ৫০ টাকা, ৪ চাকা বিশিষ্ট জীপ/মাইক্রো/পিক-আপ ৫০ টাকা, ছোট বাস ১৫০ টাকা, বড় বাস ২৫০ টাকা, ছোট ট্রাক ২০০ টাকা, মাঝারি ট্রাক ২৫০-৬০০ টাকা, ট্রাক ৮০০ টাকা, ৪ এক্সেল ট্রেইলার ১০০০ টাকা, ৪ এক্সেলের অধিক প্রতি এক্সেল ট্রেইলারের জন্য অতিরিক্ত ৫০০ টাকা দিতে হবে।
একাত্তর/আরএইচ
