সিদ্ধান্ত ছাড়াই শেষ বিআরটিএ-বাস মালিকদের বৈঠক

সিদ্ধান্ত ছাড়াই শেষ হলো বাসে শিক্ষার্থীদের জন্য হাফ ভাড়া ঠিক করা নি‌য়ে অংশীজনদের স‌ঙ্গে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) বৈঠক। 

বৈঠক সূত্রে জানা গেছে, বেশ কিছু দা‌বি-দাওয়া পূরণ হ‌লে খুব শিগ‌গিরই পরবর্তী‌তে বৈঠ‌কের মাধ্যমে সিদ্ধান্ত নে‌ওয়া হ‌বে।

শ‌নিবার (২৭ ন‌ভেম্বর) বেলা ১১টা ৫০ মি‌নি‌টে বিআরটিএর প্রধান কার্যালয়ে এ বৈঠক শুরু হয়, চলে প্রায় দেড় ঘণ্টা।

বৈঠ‌কে পরিবহন নেতাদের পক্ষ থেকে বিআরটিএ-কে টাস্কফোর্স গঠনসহ বেশ কয়েকটি প্রস্তাব দেওয়া হয়েছে। প্রস্তাবগুলো বিবেচনায় নিয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে ব‌লে বৈঠকে জানা‌নো হয়।

বিআরটিএ চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার ও ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সচিব খন্দকার এনায়েত উল্যাহ সাংবাদিকদের এসব তথ্য জানান।

বিআরটিএ চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার ব‌লেন, শিক্ষার্থী‌দের জন্য ভাড়া কমা‌নোর বিষ‌য়ে বিআর‌টিএ অত্যন্ত আন্ত‌রিক। বৈঠ‌কে বেশ কিছু বিষয় উঠে এসেছে। প্রস্তাবগুলো বিবেচনায় নিয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে।

সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব এনায়েত উল্লাহ বলেন, হাফ ভাড়ার ক্ষতিপূরণ মালিকরা কিভাবে পাবে সেটা ঠিক করতে হবে। ছাত্র কাদের বলা হবে, কত বছরের শিশুরা ছাত্র হবে, এই সুযোগ অল্প বয়সী দোকানের কর্মচারী, গার্মেন্টস কর্মীরা নিতে পারে সে বিষয়টিও খেয়াল রাখতে হবে। ছাত্রদের পাশাপাশি সিনিয়র সিটিজেনরাও দাবি করেছে অর্ধেক ভাড়া। তবে ছাত্রদের দাবি যৌক্তিকভাবে সমাধান করতে চায় মালিক পক্ষ। 

আরও পড়ুন: হাফ ভাড়ার দাবিতে রাজধানীতে আবারও সড়কে শিক্ষার্থীরা

এনায়েত উল্লাহ আরও বলেন, প্রতিটি গাড়িতে ৮/১০ জন ছাত্র থাকে। ছাত্রদের অর্ধেক ভাড়া নেওয়ার সুযোগ আগে ছিলো না, এখনও নাই।

এর আগে বৃহস্পতিবার বিআরটিএর প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে শিক্ষার্থীদের জন্য হাফ পাস চালুর বিষয়ে বাস মালিকদের রাজি করাতে পারেনি সরকার।


একাত্তর/এসি