হাফ ভাড়ার দাবি নিয়ে রাজধানীতে আবারও সড়কে বিক্ষোভে নেমেছেন শিক্ষার্থীরা। শনিবার (২৭ নভেম্বর) বেলা সোয়া ১১টার দিকে সায়েন্স ল্যাব ও ধানমন্ডির রাপা প্লাজার সামনে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। এসময় রাপা প্লাজার সামনে রাস্তা বন্ধ ও মিরপুর সড়ক অবরোধ করে মানববন্ধন ও বিক্ষোভ করেন তারা।
বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীদের দাবি, ২০১৮ সালের নিরাপদ সড়ক আন্দোলনের ৯ দফা দাবি বাস্তবায়ন করতে হবে।
দাবিগুলোর মধ্যে রয়েছে আরও রয়েছে, নটরডেম কলেজের শিক্ষার্থী নাঈমসহ সড়ক দুর্ঘটনায় নিহত সব শিক্ষার্থীর পরিবারকে ক্ষতিপূরণ, দুর্ঘটনায় আহত সব যাত্রী ও পরিবহন শ্রমিকদের পুনর্বাসন নিশ্চিত করা সারাদেশের সড়ক, নৌ ও রেলপথে শিক্ষার্থীদের হাফ পাস নিশ্চিত করে প্রজ্ঞাপন জারি, চালকদের প্রশিক্ষণের মাধ্যমে বৈধতার আওতায় আনা, বিআরটিএ’র সব কার্যক্রমে নজরদারি ও জবাবদিহি নিশ্চিত করা, ট্রাফিক ব্যবস্থাপনা স্বয়ংক্রিয় করা, পরিকল্পিত বাস স্টপেজ ও পার্কিং স্পেস নির্মাণ এবং এর যথাযথ ব্যবহার নিশ্চিত করা।
এদিকে সড়ক অবরোধ করে বিক্ষোভের কারণে মিরপুর সড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এসময় শিক্ষার্থীরা যানবাহনের কাগজপত্র যাচাই করে একে একে যানবাহন ছাড়তে শুরু করেছেন।
আরও পড়ুন: পঞ্চম ধাপে ৭০৭ ইউপিতে ভোটগ্রহণ পাঁচ জানুয়ারি
শিক্ষার্থীদের রাস্তায় নামার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশের তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) বিপ্লব কুমার সরকার।
তিনি শিক্ষার্থীদের দাবিদাওয়ার সঙ্গে একমত পোষণ করে এভাবে আন্দোলন না করতে অনুরোধ জানিয়েছেন।
একাত্তর/এসি
