নোয়াখালীতে পালিত হলো বীরশ্রেষ্ঠ শহীদ মো. রুহুল আমিনের ৫০তম শাহাদাৎ বার্ষিকী।
শুক্রবার (১০ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় জেলার সোনাইমুড়ী উপজেলার দেওটি ইউনিয়নের রুহুল আমিন নগরে শহীদের গ্রামের বাড়িতে আনুষ্ঠানিকভাবে শাহাদাৎ বার্ষিকী পালন করা হয়।
অপরদিকে একই দিন সকাল সাড়ে ১০টায় বীরশ্রেষ্ঠ শহীদ মো. রুহুল আমিন গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘরের উদ্যোগে তার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে উপজেলা প্রশাসন ও বীরমুক্তিযোদ্ধাগণ।
পরে বীরশ্রেষ্ঠ শহীদ মো. রুহুল আমিন গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘরের সদস্য সচিব সোহেল চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভা হয়।
এতে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার ফজলুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মমিনুল ইসলাম বাকের, বীরশ্রেষ্ঠ রুহুল আমিনের মেয়ে নুর জাহান, ফাতেমা বেগম, বীরমুক্তিযোদ্ধো গোলাম মাওলা, আবু ইফসুফসহ অনেকে। শেষে বিশেষ দোয়া ও খাবার বিতরণ করা হয়।
আরও পড়ুন: রাজধানীতে ২৫ বাস কোম্পানির রুট পারমিট বাতিলের সুপারিশ
নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার দেওটি ইউনিয়নের বাগপাচড়া গ্রামে ১৯৩৪ সালে রুহুল আমিনের জন্ম। মুক্তিযুদ্ধের পুরো সময় তিনি জীবন বাজি রেখে লড়েছেন শত্রুদের বিরুদ্ধে। চূড়ান্ত বিজয়ের মাত্র ছয় দিন আগে এই দিনে খুলনার রূপসায় শাহাদাত বরণ করেন এ বীরযোদ্ধা। তার সম্মানে সরকার বাগপাচড়া গ্রামকে রুহুল আমিন নগর নামে নামকরণ করেন। এছাড়া এ বীরের অবদানকে স্মরণীয় করে রাখাতে তার জন্মস্থানে ২০০৮ সালে শহীদ মো. রুহুল আমিন গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর স্থাপন করা হয়।
একাত্তর/এসি