রোববর (১৯ ডিসেম্বর) থেকে শুরু হতে যাচ্ছে করোনার বুস্টার ডোজের টিকা প্রদানের কার্যক্রম, এমন তথ্য জানালেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।
মন্ত্রী আরও বলেছেন, বাংলাদেশে এ পর্যন্ত সাত কোটি সিঙ্গেল ডোজ এবং সাড়ে চার কোটি ডাবল ডোজ টিকা দেওয়া হয়েছে। দেশে যারা বয়স্ক মানুষ রয়েছে, ফ্রন্ট লাইন ওয়ার্কার হিসেবে যে সমস্ত ডাক্তার, নার্স, সরকারি কর্মকর্তা এবং সাংবাদিকেরা কাজ করে যাচ্ছেন তাদেরকে বুস্টার ডোজ দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। আগামী রোববার থেকে ট্রায়াল বুস্টার ডোজের টিকা দেওয়া শুরু করা হবে।
শুক্রবার সন্ধ্যায় দিকে মানিকগঞ্জে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে মন্ত্রী এসব কথা বলেন।
এসময় তিনি বলেন, বুস্টার ডোজ দেওয়ার যাবতীয় কার্যক্রম চলমান রয়েছে। প্রধানমন্ত্রী বুস্টার ডোজ দেওয়ার জন্য অনুমোদন দিয়েছেন। সুরক্ষা অ্যাপ আপডেটের কার্যক্রম চলমান রয়েছে। বুস্টার ডোজ দেওয়ার তালিকা তৈরি করা হচ্ছে। দেশে ভ্যাকসিনের কোন অভাব নেই। এখন সাত লক্ষ ফাইজার ভ্যাকসিনের টিকা হাতে আছে। আগামী মাসে আরও দুই কোটি টিকা আসবে।
সব ভ্যাকসিন মিলিয়ে দেশে এখন পৌনে পাঁচ কোটি ভ্যাকসিন রয়েছে বলে জানান মন্ত্রী।
অনুষ্ঠানে এসময় আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবদুল লতিফ, পৌর মেয়র রমজান আলী, সাটুরিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মজিদসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
একাত্তর/এআর