রোববার থেকেই শুরু হচ্ছে করোনার টিকার বুস্টার ডোজের কার্যক্রম। অগ্রাধিকার ভিত্তিতে প্রথমে সম্মুখসারির চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের টিকার এই তৃতীয় ডোজ দেয়া হবে।
ঢাকার মহাখালীতে বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান'স অ্যান্ড সার্জনস (বিসিপিএস) প্রতিষ্ঠানে শুরু হবে কার্যক্রম। এই বুস্টার ডোজে ফাইজারের টিকা দেওয়া হবে।
শনিবার (১৮ ডিসেম্বর) দুপুরে মানিকগঞ্জ শুভ্র সেন্টারে মেধাবী শিক্ষার্থী ও দরিদ্র পরিবারের মধ্যে শিক্ষাবৃত্তি, ঢেউটিন ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এসব কথা জানান।
তিনি বলেন, প্রথমে বয়স্ক এবং ফ্রন্ট লাইনারদের বুস্টার ডোজের টিকা দেওয়া হবে। পর্যায়ক্রমে বুস্টার ডোজ টিকা গ্রহীতাদের সংখ্যা বাড়ানো হবে।
তবে প্রথম দিকে বুস্টার ডোজ বিশেষজ্ঞদের অধীনে নির্দিষ্ট সংখ্যক চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীকে দেয়া হবে। প্রাথমিক পর্যবেক্ষণ শেষে নিয়মিত কার্যক্রম শুরু হবে।
বুস্টার ডোজের পরীক্ষামূলক কার্যক্রমের উদ্বোধনী দিনে ১০০-২০০ মানুষকে টিকা দেওয়া হতে পারে। এরপর পর্যাক্রমের সারা দেশেই বুস্টার ডোজ চলমান থাকবে।
মালেক আরো বলেন, শুরুর দিকে বয়স্ক এবং ফ্রন্টলাইনাররা এই ডোজের টিকা অগ্রাধিকার ভিত্তিতে পাবেন। পর্যায়ক্রমে টিকা গ্রহীতার সংখ্যা বাড়তে থাকবে।
স্বাস্থ্যমন্ত্রী জানান, যারা প্রথম দিকে টিকা নিয়েছেন তারাই বুস্টার ডোজের আওতায় আসবেন। পর্যায়ক্রমে সারাদেশেই এ কর্মসূচি চালু হবে।
বুস্টার ডোজ হিসাবে প্রথমে ফাইজার টিকা দেয়া হবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই টিকাকে বুস্টার ডোজ হিসাবে অনুমোদন দিয়েছেন।
সব টিকা মিলিয়ে দেশে এখন প্রায় পাঁচ কোটি ডোজ মজুদ আছে। আগামী মাসে আরও দুই কোটি টিকা আসবে। তাই টিকা নিয়ে কোন সমস্যা হবে না বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী।
আরও পড়ুন: ২০২৪ নাগাদ এনডেমিকে পরিণত হবে করোনা
করোনা পরিস্থিতি সম্পর্কে জাহিদ মালেক বলেন, ওমিক্রন বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে। ওমিক্রন থেকে আমাদের বাঁচতে হবে। এজন্য সকলকে সচেতন হয়ে চলাফেরা করতে হবে।
ওমিক্রন রোধে সব প্রস্তুতি নেয়া হয়েছে উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী জানান, বিদেশ থেকে দেশে ফেরার ৪৮ ঘণ্টা আগে করোনা টেস্ট করাতে হবে। সবাইকে কোয়ারেন্টাইনে থাকতে হবে।
একাত্তর/এসজে/আরএ