মালদ্বীপের কারাগারে থাকা সাজাপ্রাপ্ত বাংলাদেশি নাগরিকদের দেশে ফিরিয়ে আনতে একটি চুক্তির খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
রোববার (১৯ ডিসেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ভার্চুয়াল মন্ত্রিসভার বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। গণভবন প্রান্ত থেকে প্রধানমন্ত্রী এবং সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগ থেকে মন্ত্রীরা ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে যোগ দেন।
বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম প্রেস ব্রিফিংয়ে এই অনুমোদনের কথা জানান।
খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, মালদ্বীপে আমাদের কিছু প্রিজনার (কারাবন্দি) আছেন। মালদ্বীপেরও কিছু ছেলেমেয়ে এখানে (বাংলাদেশে) পড়ালেখা করেন। তারাও যদি এখানে কোনো অপরাধে জড়িন হন, তাদেরও প্রয়োজন হলে ওই দেশে নিয়ে যাওয়া হবে। এজন্য বন্দিবিনিময় চুক্তি হচ্ছে।
মন্ত্রিপরিষদ সচিব জানান, মালদ্বীপের কারাগারে ৪৩ জন দণ্ডপ্রাপ্ত বাংলাদেশি রয়েছেন। একই সঙ্গে দেশটিতে ৪০ জন বাংলাদেশির বিচার চলছে। তবে বাংলাদেশে কোনো মালদ্বীপের নাগরিক কারাবন্দি নেই।
আরও পড়ুন: টিকার বুস্টার ডোজও শুরু সেই রুনুকে দিয়ে
আগামী ২২ ডিসেম্বর প্রধানমন্ত্রী মালদ্বীপ সফরে যাবেন জানিয়েছে তিনি বলেন, ওই সফরে এই চুক্তিটি স্বাক্ষরিত হবে।
মন্ত্রিপরিষদ সচিব আরও বলেন, মালদ্বীপে যদি কোনো বাংলাদেশি কারাবন্দি থাকেন তাহলে মালদ্বীপসহ বন্দিব্যক্তি নিজেও দেশে ফিরিয়ে নিতে বাংলাদেশকে অনুরোধ করতে পারে।
একাত্তর/এসি