লঞ্চে আগুনের ঘটনায় তদন্ত কমিটির মেয়াদ বাড়লো তিনদিন

ঝালকাঠিতে লঞ্চে আগুন লাগার ঘটনায় নৌপরিবহন মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটির মেয়াদ বুধবার (২৯ ডিসেম্বর) থেকে আরও তিন কার্যদিবস বাড়ানো হয়েছে।

নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মো. জাহাঙ্গীর আলম খান গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেন।

এর আগে, বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) দিবাগত রাত ৩টার দিকে ঢাকা থেকে বরগুনাগামী এমভি অভিযান-১০ লঞ্চে আগুনের ঘটনায় একইদিন সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করে নৌপরিবহন মন্ত্রণালয়।

আরও পড়ুন: লঞ্চে আগুনের ঘটনায় ঢাকায় আরও এক রোগীর মৃত্যু

সাত সদস‍্যের উক্ত কমিটির মেয়াদ তিন কার্যদিবস থাকলেও কমিটির আবেদনের পরিপ্রেক্ষিতে বুধবার আবারও তিন কার্যদিবস বাড়ানো হয়েছে।

এদিকে, লঞ্চে আগুনের ঘটনার ষষ্ঠদিনের অভিযানেও নদী থেকে দুইজনের মরদেহ উদ্ধার করা হয়। একইদিন ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি আরও এক রোগীর মৃত্যু হয়েছে।

এখন পর্যন্ত ৪৮ জনের মৃত্যুর খবর নিশ্চিত হয়েছে। এছাড়া নিখোঁজ আরও ৫১ জনের তালিকা দিয়েছে রেড ক্রিসেন্ট সোসাইটি।


একাত্তর/টিএ