আগামী ২২ ফেব্রুয়ারি থেকে দেশের সব মাধ্যমিক ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি।
তবে, প্রাথমিকের বিষয়ে এখনি কোনো সিদ্ধান্ত জানাতে পারেননি তিনি। বুধবার (১৬ ফেব্রুয়ারি) কারিগরি কমিটির সাথে বৈঠকে শেষে মন্ত্রী এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, আমরা করোনার অবস্থা পর্যালোচনা করে সিদ্ধান্ত নিচ্ছি। সকলের স্বাস্থ্যবিধি মেনে কার্যক্রম পরিচালনা করতে হবে।
তিনি জানান, করোনা বিষয়ক জাতীয় কমিটির পরামর্শ কমিটিও মাধ্যমিক ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার পক্ষে মত দিয়েছে।
বুধবার রাতে একাত্তর জার্নালে উপস্থিত হয়ে শিক্ষামন্ত্রী বলেন, যারা দুই ডোজ টিকা দিয়েছেন তারা স্বশরীরে ক্লাস করবেন। যাদের টিকা দেওয়া হয়নি তারা আপাতত অনলাইনে ক্লাস করবেন।
মন্ত্রী বলেন, আপাতত প্রাথমিক পর্যায়ের শিশুদের ক্লাসে আনার বিষয়ে আমরা ভাবছি না। তাদের বিষয়ে আরো একসপ্তাহের পরিস্থিতে দেখে সিদ্ধান্ত নেওয়া হবে।
অবশ্য গত রোববার শিক্ষা প্রতিষ্ঠান খুলতে পারে বলে ইঙ্গিত দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি জানিয়েছিলেন করোনা পরিস্থিতির উপর নির্ভর করে, চলতি মাসের শেষের দিকে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দেয়া সম্ভব হবে।
আরও পড়ুন: ছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণের পর টিএসসিতে ফেলে যাওয়ার অভিযোগ
আজকের বৈঠকের বিষয়ে জাতীয় করোনা বিষয়ক জাতীয় কমিটির পরামর্শক কমিটির সভাপতি অধ্যাপক মোহাম্মদ শহীদুল্লাহ গণমাধ্যমকে বলেন, বৈঠকে আমরা বলেছি, যেহেতু সংক্রমণ হার অনেকটা কমে গিয়েছে তাই এখন শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া যায়।
একাত্তর/আরএ