ইসি গঠনে ১০ নাম নিয়ে বঙ্গভবনে সার্চ কমিটি

নির্বাচন কমিশন গঠনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও অন্য নির্বাচন কমিশনার নিয়োগে চূড়ান্ত ১০ জনের নাম নিয়ে বঙ্গভবনে প্রবেশ করেছেন সার্চ কমিটির সদস্যরা। তবে উপস্থিত হতে পারেননি সার্চ কমিটির প্রধান। 

বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাতটা থেকে একে একে বঙ্গভবনে প্রবেশ করেন সার্চ কমিটির সদস্যরা।

সার্চ কমিটির যেসব সদস্য বঙ্গভবনে উপস্থিত হয়েছেন তারা হলেন- হাইকোর্ট বিভাগের বিচারপতি এস এম কুদ্দুস জামান, মহা-হিসাব নিরীক্ষক মোহাম্মদ মুসলিম চৌধুরী, সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন, সাবেক নির্বাচন কমিশনার ছহুল হোসাইন ও কথাসাহিত্যিক আনোয়ারা সৈয়দ হক।

শারীরিক অসুস্থতার কারণে সার্চ কমিটির প্রধান সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান উপস্থিত হতে পারেননি।

গত পাঁচ জানুয়ারি ‘প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ আইন, ২০২২’ অনুযায়ী ছয় সদস্যের সার্চ কমিটি গঠন করে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রধান নির্বাচন কমিশনার ও অন্য নির্বাচন কমিশনার নিয়োগে রাজনৈতিক দলের কাছ থেকে নামের প্রস্তাব চায় সার্চ কমিটি। সেখানে ৩২২ জনের নামের প্রস্তাব আসে। পরে কমিটি দেশের বিশিষ্ট নাগরিকদের সঙ্গে কয়েক দফায় বৈঠকে বসে। 

আরও পড়ুন: মাসে ২০ হাজার ডলারে লবিস্ট ফার্ম নিয়োগ দিলো সরকার

গত মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) সার্চ কমিটির সর্বশেষ বৈঠকে ১০ জনের নাম চূড়ান্ত হয়। কিন্তু এ দশজনের নাম প্রকাশ না করার সিদ্ধান্ত নেয় সার্চ কমিটি।


একাত্তর/এসি