যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক উন্নয়নে লবিস্ট ফার্ম নিয়োগ করলো সরকার। এক বছর মেয়াদে ফার্মটির জন্য সরকারকে প্রতিমাসে গুনতে হবে ২০ হাজার ডলার করে।
বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।
লবিস্ট ফার্মটির নাম ‘নেলসন মুলিন্স’ জানিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ-যুক্তরাষ্ট্র উভয় সরকারের মধ্যে সম্পর্ক উন্নত করতে সংস্থাটিকে ১২ মাসের জন্য নিয়োগ দেওয়া হয়েছে।
তিনি বলেন, মার্কিন প্রশাসন অনেক বড়ো একটি জায়গা। আমরা তাদের সঙ্গে সম্পর্ক আরও শক্তিশালী করতে চাই। আমরা যে জিআর নিয়োগ দিয়েছি, সেটি যোগাযোগের জায়গাগুলো স্থাপন করতে কাজ করবে।
পররাষ্ট্র সচিব পর্যায়ে আগামী ২৫ মে ওয়াশিংটনে বাণিজ্য সংলাপ অনুষ্ঠিত হতে যাচ্ছে বলে জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
সরকারের নিয়োগ দেওয়া পিআর ফার্ম বিজিআর থাকছে কি না জানতে চাইলে প্রতিমন্ত্রী জানান, বিজিআর এখনো সেখানে আছে। অতীতে আমরা যেভাবে করেছি, বাংলাদেশের পজিটিভ স্টোরিগুলো গণমাধ্যমে তুলে ধরা, সেই সঙ্গে বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার হলে আমাদের রিপোর্ট করা।
আরও পড়ুন: ইউক্রেন থেকে বাংলাদেশিদের সরাতে ব্যবস্থা
এসময় গণতন্ত্র, মানবাধিকার ইস্যুসহ অন্য ইস্যুতে যুক্তরাষ্ট্র বা ইউরোপীয় ইউনিয়ন থেকে সরকার কোনো চাপে নেই বলেও জানান শাহরিয়ার আলম।
সম্প্রতি র্যাবের সাবেক ও বর্তমান কয়েকজন কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র। সংশ্লিষ্ট অনেকের ধারণা, এই টানপোড়ন থেকে বেরিয়ে আসতেই বাংলাদেশ এ লবিস্ট ফার্ম নিয়োগ দিলো।
একাত্তর/এসি
