করোনার প্রথম ডোজ টিকা দেওয়া বন্ধ হচ্ছে না বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, দ্বিতীয় ও তৃতীয় ডোজের সঙ্গে প্রথম ডোজের টিকা কার্যক্রম চলমান থাকবে।
শনিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে মানিকগঞ্জের গড়পাড়া ইউনিয়ন পরিষদ টিকাকেন্দ্রে গণটিকা কাযর্ক্রম পরির্শন শেষে মন্ত্রী এ কথা বলেন।
জাহিদ মালেক বলেন, দেশের মানুষ উৎসবমুখর পরিবেশে টিকা নিচ্ছেন। প্রত্যেক দেশের ৭০ ভাগ মানুষকে টিকার আওতায় আনার জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশ থাকলেও টার্গেটের অতিরিক্ত টিকা দেওয়া হয়েছে বাংলাদেশ।
তিনি আরও বলেন, প্রয়োজনের অতিরিক্ত টিকা প্রধানমন্ত্রীর নির্দেশে যে দেশ টিকা পায়নি সেই দেশকে দেওয়ার পরিকল্পনা রয়েছে।
এ সময় এখনও যারা টিকা নেননি তাদের টিকা নেওয়ার আহবান জানান স্বাস্থ্যমন্ত্রী।
এর আগে, গত ১৫ ফেব্রুয়ারি (মঙ্গলবার) স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক এ বি এম খুরশীদ আলম ঘোষণা দিয়েছিলেন, ২৬ ফেব্রুয়ারির পর করোনার টিকার প্রথম ডোজ দেওয়া বন্ধ রাখা হবে।
সেদিন এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি জানিয়েছিলেন, ২৬ ফেব্রুয়ারি এক দিনেই সারাদেশে করোনা ভাইরাসের এক কোটি ডোজ টিকা দেওয়া হবে।
এর ধারাবাহিকতায় আজ বিশেষ ক্যাম্পেইনে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে এক কোটি। তবে এই টিকা দিতে লাগছে না কোনো নিবন্ধন। দেওয়া হচ্ছে সিনোভ্যাক ও সিনোফার্মার টিকা।
এ টিকা দেওয়ার মাধ্যমে মোট জনসংখ্যার ৭০ শতাংশকে টিকার আওতায় আনার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।
একাত্তর/এসি