হাইকোর্টের নির্দেশের পরও বন্ধ হয়নি অবৈধ ইটভাটা

অবৈধ ইটভাটা ১৫ দিনের মধ্যে গুঁড়িয়ে দিতে হাইকোর্ট নির্দেশ দিলেও, ২৫ দিনেও ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা সেই আদেশ হাতে পাননি। এই অবস্থায় ঢাকা ও আশেপাশের পাঁচ জেলার শতাধিক অবৈধ ইট ভাটায় ক্ষতিগ্রস্ত হচ্ছে পরিবেশ। নষ্ট হচ্ছে মাটির উর্বরতা। 

পরিবেশ আইনের তোয়াক্কা না করেই ধামরাইয়ে আবাসিক এলাকা এবং ফসলি জমিতে গড়ে উঠেছে দুই শতাধিক ইটভাটা। পরিবেশ অধিদপ্তর বলছে, উপজেলার ২০৬টি ইট ভাটার মধ্যে ১০৬টিই অবৈধ। 

আইনে বলা আছে, কৃষি জমির মাটি কাটলে জেলা প্রশাসকের অনুমতি লাগবে। কিন্তু আইনের তোয়াক্কা না করে প্রকাশ্যে কাটা হচ্ছে মাটি। আবার ফসলি জমির মাটি কেটে নেয়ার কথা স্বীকারও করছেন ইটভাটা সংশ্লিষ্টরা। তবে এ বিষয়ে ভাটার মালিকরা কথা বলতে চাননি।

পরিবেশ আন্দোলনের নেতারা বলছেন, ধামরাইয়ের বেশ কিছু ইটভাটার মালিক খোদ ইউনিয়ন পরিষদের বেশ কয়েকজন চেয়ারম্যান। উপজেলা ভূমি কর্মকর্তা বলছেন, ফসলি জমির মাটি কাটা বন্ধে অভিযোগ পেলেই ব্যবস্থা।   

গত পয়লা মার্চ, ঢাকা ও এর পার্শ্ববতী ৫ জেলার সব অবৈধ ইটভাটা ১৫ দিনের মধ্যে গুঁড়িয়ে দিতে নির্দেশ দিয়েছিলো হাইকোর্ট।  



একাত্তর/ এনএ