গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৪ জন। এর মধ্যে ২৩ জন ঢাকার বাসিন্দা। বাকি একজন ঢাকার বাইরের।
রোববার (১২ জুন) বিকেলে সারাদেশের পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
ডেঙ্গু আক্রান্ত নতুন রোগীদের নিয়ে বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন ৮৫ জন। এর মধ্যে ঢাকার বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন ৮১ জন। বাকি চারজন ঢাকার বাইরের।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে নতুন করে কারো মৃত্যু হয়নি। ফলে এ বছর এখনো ডেঙ্গুতে কারো মৃত্যু হয়নি।
গত বছর বিভিন্ন সময়ে ডেঙ্গুতে মারা গেছেন ১০৫ জন। এরমধ্যে জুলাইয়ে ১২ জন, আগস্টে ৩৪ জন, সেপ্টেম্বরে ২৩ জন, অক্টোবরে ২২ জন, নভেম্বরে ৭ জন এবং ডিসেম্বরে ৭ জন মারা যান।
প্রসঙ্গত, গত বছর বিভিন্ন সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ২৮ হাজার ৪২৯ জন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফেরেন ২৮ হাজার ৩২৪ জন।
আরও পড়ুন: আজ করোনায় সুস্থতার সংখ্যা আক্রান্তের চেয়ে কম
২০১৯ সালে দেশে ডেঙ্গু মারাত্মক আকার ধারণ করায় এক লাখের বেশি মানুষ আক্রান্ত হয়েছিলেন। পরের বছর ২০২০ সালে তা অনেকটা কমে আসায় হাসপাতালগুলো ১ হাজার ৪০৫ জন ডেঙ্গু রোগী পেয়েছিল। তবে ২০২১ সালের মাঝামাঝি সময়ে কিছুটা উদ্বেগজনক পরিস্থিতি তৈরি করে ডেঙ্গু।
একাত্তর/আরএ