ঈদের দিন রাত ১০টার মধ্যে বর্জ্য অপসারণ করা হবে: মন্ত্রী

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, কোরবানির ঈদের দিন রাত ১০টার মধ্যে সব বর্জ্য অপসারণ করা হবে। 

বৃহস্পতিবার (৭ জুলাই) দুপুরে সচিবালয়ে নিজ দফতরে জাইকার কান্ট্রি রিপ্রেজেনটেটিভ ইউহো হায়াকাওয়া’র সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। 

মন্ত্রী বলেন, কাউন্সিলের নেতৃত্বে ১০ সদস্যের টিম গঠন করা হয়েছে, তারা রাত ১০টার মধ্যে বর্জ্য অপসারণ করবে। পরের দিনের জন্য কোনো বর্জ্য থাকবে না। ১০ সদস্যের যে কমিটি করা হয়েছে তারা স্বেচ্ছাসেবী, কাউন্সিলর তো নিজেই স্বেচ্ছাসেবী, এটা তার দায়িত্বের অংশ। 

মন্ত্রী আরও বলেন, ইতিমধ্যে দক্ষিণ সিটি করপোরেশন সে অনুযায়ী ব্যবস্থা নিয়েছেন বলে আমাদের জানিয়েছেন। তারা ১০ জনের কমিটি গঠন করে নম্বর দিয়ে দিয়েছেন। অল্প সময়ের মধ্যে যাতে পশু কোরবানি করা হয় এবং বর্জ্য অপসারণ সঠিকভাবে যাতে করতে পারে সেজন্য জেলা প্রশাসক, বিভাগীয় কমিশনার নির্দেশনা দেয়া হয়েছে।


একাত্তর/এআর