গ্রিসের উত্তরে কাভালা শহরের কাছে ইউক্রেনের যে উড়োজাহাজটি বিধ্বস্ত হয়েছে, তাতে করে বাংলাদেশ সেনাবাহিনী ও বিজিবির জন্য সার্বিয়া থেকে কেনা প্রশিক্ষণ মর্টার শেল আসছিল বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর- আইএসপিআর।
রোববার আইএসপিআর-এর দেয়া এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ডিজিডিপি (ডাইরেক্টরেট জেনারেল অফ ডিফেন্স পারচেজ) ক্রয় চুক্তির আওতায় কার্যাদেশপ্রাপ্ত ঠিকাদারী প্রতিষ্ঠানের মাধ্যমে সার্বিয়া থেকে আনা হচ্ছিল ওই সামরিক রসদ।
এতে আরও বলা হয়, বাংলাদেশ সেনাবাহিনী ও বর্ডার গার্ড বাংলাদেশের জন্য ক্রয়কৃত প্রশিক্ষণ মর্টার শেল বহনকারী উড়োজাহাজটি গ্রিসে বিধ্বস্ত হয়েছে। ওই চালানে কোনো অস্ত্র ছিলো না এবং চালানটি বীমার আওতাভুক্ত বলেও জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর।
এদিকে, রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম জানিয়েছেন, আন্তনভ-১২ পরিবহন উড়োজাহাজটি সোমবার দুপুর ১২টায় ঢাকায় অবতরণ করা কথা ছিলো।
আরও পড়ুন: করোনা: শনাক্ত নামলো হাজারের নিচে, মৃত্যু চার জনের
শনিবার সার্বিয়া থেকে বাংলাদেশে আসার সময় উড়োজাহাজের ইঞ্জিনে সমস্যার কারণে পাইলট কাভালা বিমানবন্দরে জরুরি অবতরণের চেষ্টা করেন, কিন্তু তার আগেই বিমানটি বিধ্বস্ত হয়।
ওই উড়োজাহাজে সার্বিয়ার তৈরি সাড়ে ১১ মেট্রিক টন সামরিক রসদ ছিলো জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রী নেবোসা স্টেফানোভিচ। তিনি বলেন, মর্টার শেল ও ট্রেইনিং শেল ছিলো ওই উড়োজাহাজে। রসদ নিয়ে সার্বিয়ার তৃতীয় বড় শহর নিস থেকে উড্ডয়ন করেছিল বিমানটি।
একাত্তর/আরবিএস