বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নির্বাচন কমিশনের ডাকা চলমান সংলাপ প্রত্যাখ্যান করলেও তাদের জন্য অপেক্ষা করবেন বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।
বুধবার (২০ জুলাই) দুপুরে ইসির সঙ্গে বিএনপির সংলাপের সময় নির্ধারিত ছিল। কিন্তু দলটির নেতারা সংলাপে না আসার পরিপ্রেক্ষিতে সিইসি সাংবাদিকদের একথা বলেন।
এ সময় সিইসি বলেন, বিএনপির জন্য আমরা ওয়েট করবো।
এদিকে বিএনপিকে সংলাপে আনার জন্য বিশেষ কোনো উদ্যোগ নেয়া হবে কি না জানতে চাইলে তার কোনো উত্তর দেননি সিইসি।
তিনি বলেন, এ পর্যন্ত যতগুলো পার্টি সংলাপে অংশ নিয়েছে, তাদের সবার মনোভাব ইতিবাচক। নির্বাচনে যাতে ভোটাররা ভোটাধিকার প্রয়োগ করতে পারেন সে বিষয়টি নিশ্চিতের কথা বলেছে দলগুলো।
তিনি আরও বলেন, ঐক্যমত তো হতেও পারে, নাও হতে পারে। কিন্তু আমরা বলেছি, আমরা আমাদের প্রয়াস অব্যাহত রাখবো। এ বিষয়ে কেউ না করেনি। প্রয়াসটি অব্যাহত থাকবে।
তিনি আরও যুক্ত করেন, আমরা সুস্পষ্টভাবে বলেছি, ঐক্যটা আমাদের নয়, আমরা রাজনৈতিক দলগেুলোকে বলেছি আপনারা ঐক্যের চেষ্টা করুন এবং ঐক্য হলে আমরা আনন্দিত হবো। আর আমরা যে দায়িত্ব নিয়েছি, আইন-কানুন এবং সংবিধান অনুযায়ী দায়িত্ব পালন করার, সেই দায়িত্বটা পালন করে যাবো।
আরও পড়ুন: বরিশালে অটোরিকশা-বাস সংঘর্ষ, নারী শিশুসহ নিহত পাঁচ
ইসি সংলাপের চতুর্থ দিন আজ তিনটি দলের সঙ্গে ইসির সংলাপ হওয়ার কথা রয়েছে। এরমধ্যে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি তাদের সময় পরিবর্তন করেছে। অন্যদিকে বিএনপি সংলাপ বর্জন করায় আজ মাত্র একটি দলের সঙ্গে সংলাপে বসেছে ইসি।
এছাড়া চারদিনে ১৪টি দলকে ইসি আমন্ত্রণ জানালেও তাদের ডাকে সাড়া দিয়েছে ১১টি রাজনৈতিক দল। বিএনপি, বাংলাদেশ মুসলিম লীগ এবং কল্যাণ পার্টি ইসির ডাকা সংলাপ বর্জন করেছে।
একাত্তর/আরবিএস