অবস্থা বুঝে অফিস সময় কমানোর ব্যবস্থা: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

জ্বালানি সাশ্রয়ে সরকারি অফিসের সময় দুই ঘণ্টা কমিয়ে আনার প্রস্তাবের বিষয়ে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, অফিস সময় কমানোর সিদ্ধান্ত অবস্থা বুঝে নেওয়া হবে। 

বৃহস্পতিবার (২১ জুলাই) সচিবালয়ে সাংবাদিকের সঙ্গে আলাপকালে এ কথা বলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী।

তিনি বলেন, ‘আমরা ধীরে ধীরে ম্যানেজের দিকে যাচ্ছি। ইতিমধ্যে সংশ্লিষ্ট সবাইকে বার্তা দেওয়া হয়েছে। বিষয়টি আলোচনা-পর্যালোচনার পর্যায়ে আছে। যদি দেখি যে বিদ্যুৎ ব্যবহার কম করে পুরো সময় অফিস করতে পারছি, তাহলে কিন্তু অফিসের সময় কমানোর দরকার নেই।’

জনপ্রশাসন প্রতিমন্ত্রী আরও বলেন, ‘আমরা পর্যালোচনার মধ্যে আছি যে কোনটা করলে ভালো হয়। এটি নির্ভর করছে পরিস্থিতির ওপর। অবস্থা বুঝে ব্যবস্থা। যদি প্রয়োজন হয়, তাহলে সেটা করা হবে। তবে এখন আমাদের ২৫ শতাংশ বিদ্যুৎ সাশ্রয় করলে চলছে।’

‘সময়ের এক ফোঁড় অসময়ে দশ ফোঁড়’ উল্লেখ করে তিনি বলেন, ‘সরকার যথার্থ সময়েই পদক্ষেপ গ্রহণ করেছে। তবে এ বিষয়ে সবাইকে সজাগ ও সতর্ক হতে হবে। সবাইকে বার্তাও দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী ২৫ শতাংশ বিদ্যুৎ সাশ্রয় করতে বলেছেন, সবাই আরেকটু সতর্ক হয়ে আরেকটু বেশি সাশ্রয় করা যায়। সারা দেশে প্রায় ১৫ লাখ সরকারি-কর্মচারী আছেন। সবাই যদি নিজ নিজ অফিসে বিষয়টি ব্যবস্থাপনা করে চলেন, তাহলে এটি করা সম্ভব।’

আরও পড়ুন: ট্রেনের ছাদে যাত্রী নেওয়া নিষিদ্ধ: হাইকোর্ট

করোনা-পরবর্তী অর্থনৈতিক অভিঘাতের পর রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাব অন্যান্য দেশের মতো বাংলাদেশের ওপর বেশ ভালোভাবেই পড়েছে। কয়েক মাস ধরেই বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম চড়া। বিশ্বব্যাপী জ্বালানিসহ নিত্যপণ্যের দাম বাড়ছে। 

এই পরিস্থিতি মোকাবিলায় এবং জ্বালানি সাশ্রয়ে সরকার একের পর এক পদক্ষেপ নিচ্ছে। পরিকল্পিত লোডশেডিংয়ের সিদ্ধান্তের পর এখন সরকারি সব দপ্তরে বিদ্যুতের ২৫ শতাংশ ব্যবহার কমানো, জ্বালানি খাতের বাজেট বরাদ্দের ২০ শতাংশ কম ব্যবহারের ব্যবস্থা করাসহ নতুন করে আরও আট দফা সিদ্ধান্ত ও নির্দেশনা দিয়েছে সরকার। 


একাত্তর/এসজে