কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, বিএনপিসহ সরকার বিরোধীরা দেশে খাদ্য সংকটের দিবাস্বপ্ন দেখছে। দেশে খাদ্য সংকট হবে না, দেশ শ্রীলঙ্কার মতোও হবে না।
রোববার (২৪ জুলাই) রাজধানীর খামারবাড়িতে বিএআরসি মিলনায়তনে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ বিতরণ অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন। বাংলাদেশ সীড এসোসিয়েশন (বিএসএ) এ অনুষ্ঠানের আয়োজন করে। খবর বাসসের।
মন্ত্রী বলেন, বিএনপি অতীতে জ্বালাও পোড়াও করে আন্দোলন করেছে, মানুষ হত্যা করেছে, পাওয়ার প্যান্টে আগুন দিয়েছে, রেল লাইন তুলে নিয়েছে, জান মালের ক্ষতি করেছে- সেরকম আন্দোলন আর এদেশে হবে না। বর্তমান সরকার নির্বাচিত সরকার, বৈধ সরকার। মানুষের জান মালের নিরাপত্তা দেয়া সরকারের দায়িত্ব।
চালের উৎপাদন বৃদ্ধির উপর গুরুত্বারোপ করে মন্ত্রী বলেন, ব্রি ২৮সহ পুরোনো জাতের ধানের পরিবর্তে নতুন উদ্ভাবিত বেশি উৎপাদনশীল জাত চাষ করতে হবে। ব্রি-ধান ৮৯, ৯২, ১০০সহ নতুন জাতগুলো বিঘাতে ৩০ মণের বেশি হয়। বিঘাতে ২০ মনের জায়গায় যদি ৩০ মন হয় এটি বিরাট বিপ্লব।
আরও পড়ুন: ‘দুষ্টের দমন শিষ্টের পালন’ নীতি অনুসরণ করে মন্ত্রণালয়: স্থানীয় সরকার মন্ত্রী
মন্ত্রী বলেন, সীড কোম্পানিগুলোকে আধুনিক হতে হবে। এখনো কিছু কিছু কোম্পানির প্রতারণার প্রবণতা আছে সেখানে মানুষকে বিশ্বাসের জায়গায় নিয়ে আসতে হবে।
একাত্তর/আরএ