সুন্দরবনের বাঘ বিশ্বে অনন্য, রক্ষার দায়িত্ব সবার

বিশ্ব বাঘ দিবস আজ। এবার নানা আয়োজনে দিবসটি পালিত হচ্ছে। এবারের প্রতিপাদ্য ‘বাঘ আমাদের অহংকার, রক্ষার দায়িত্ব সবার’।

শুক্রবার (২৯ জুলাই) বাঘের অন্যতম আবাসস্থল সুন্দরবনের কোলঘেঁষা জেলা বাগেরহাটেও দিবসটি উপলক্ষে বন বিভাগ নানা আয়োজন রেখেছে।

করোনাকালে দীর্ঘদিন বনে মানুষের প্রবেশ বন্ধ থাকা এবং সচেতনতামূলক নানা উদ্যোগে সুন্দরবনে বাঘের সংখ্যা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন বন বিভাগের কর্মকর্তারা। কারণ হিসেবে সাম্প্রতিক সময়ে সুন্দরবনে বাঘের আনাগোনা বৃদ্ধি পাওয়া ও বাঘের দেখা পাওয়াকে উল্লেখ করেছেন তারা।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার গণমাধ্যমকে জানিয়েছেন সর্বশেষ ২০১৮ সালের জরিপ অনুযায়ী সুন্দরবনে বাঘের সংখ্য ১১৪টি।

তবে, ২০১৪ সালের পর অন্তত ৮টি বাঘের মৃত্যু হয়েছে। সেই হিসাবে বর্তমানে সুন্দরবনে বাঘের সংখ্যা ১০৬।

কিন্তু সর্বশেষ জরিপের পর এই বনে কতটি বাঘ জন্ম নিয়েছে, সে তথ্য না থাকায় ‘রয়েল বেঙ্গল টাইগার’ -এর সঠিক সংখ্যা বলা সম্ভব নয়।

পৃথিবীতে বাঘের মোট নয়টি উপপ্রজাতি ছিল। গত শতাব্দীতে তিনটি উপপ্রজাতি বিলুপ্ত হয়ে গেছে। বাকিগুলোর মধ্যে সুন্দরবনের বাঘ স্বতন্ত্র বৈশিষ্ট্যের।

দীর্ঘ ২ হাজার ৬০০ বছর ধরে বাঘ সুন্দরবনসহ বাংলাদেশ ও ভারতের উপকূলীয় এলাকায় টিকে আছে। ইন্দোনেশিয়ায় জাভার বাঘের একটি উপপ্রজাতি পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেছে।

সুন্দরবনের বাঘ বিবর্তনের মাধ্যমে নিজের আকৃতি ছোট ও ম্যানগ্রোভ বনে টিকে থাকার মতো শারীরিক যোগ্যতা অর্জন করেছে। তারা এক কিলোমিটার দীর্ঘ নদী সাঁতরে পাড়ি দিতে পারে।

বিশ্বের অন্যান্য অঞ্চলের বাঘ মূলত গরু-মহিষ ও সাম্বার হরিণের মতো বড় প্রাণী খেয়ে টিকে থাকে। কিন্তু সুন্দরবনের বাঘ হরিণ, শূকর ও বানরের মতো ছোট প্রাণীও খায়। সাম্প্রতিক এক গবেষণায় সুন্দরবনের বাঘের এসব অনন্য ও স্বতন্ত্র বৈশিষ্ট্য উঠে এসেছে।

আরও পড়ুন: ঈদের আগে বৃদ্ধি পাওয়া মরিচের দাম এখনো কমেনি

যুক্তরাজ্যের কেন্ট বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি অব লন্ডন, নটিংহাম টেন্ট বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পাঁচ গবেষক সুন্দরবনের বেঙ্গল টাইগারের জিনগত বৈশিষ্ট্য নিয়ে একটি গবেষণা করেন।

এতে বিশ্বে টিকে থাকা বাঘের অন্য পাঁচ উপপ্রজাতির সঙ্গে বেঙ্গল টাইগারকে তুলনা করা হয়েছে। ভারতের মহারাষ্ট্রের বানথাম্বোর বনভূমির বাঘের সঙ্গে সুন্দরবনের বাঘের সবচেয়ে বেশি মিল পাওয়া গেছে।


একাত্তর/আরএ