জ্বালানি তেলের দাম কমানোয় লাভ দেখছে না মানুষ

জ্বালানি তেলের দাম লিটার প্রতি পাঁচ টাকা কমানোয় জনজীবনে তেমন কোন প্রভাব পড়বে না বলে মনে করছেন সাধারণ মানুষ। 

কারণ ৪০ থেকে প্রায় ৫০ শতাংশ দাম বাড়ার ফলে বাজারে নিত্যপণ্যের দাম যে হারে বেড়েছে, তাতে এই দাম কমানোর কোনো ফলাফল মিলবে না। 

বাজার বিশ্লেষক ও বিশেষজ্ঞরাও বলছেন, এতে সরকারের রাজস্ব প্রায় তিন হাজার কোটি টাকা কমলেও, মানুষের কাজে আসবে না। 

আগাম কর ও আমদানি শুল্ক কমানোর পর, পেট্রোল-অকটেন-ডিজেল ও কেরোসিনের দাম লিটারে পাঁচ টাকা কমিয়েছে জ্বালানি মন্ত্রণালয়। 

মঙ্গলবার সকাল থেকে পেট্রোল পাম্পগুলোতে নতুন দামে তেল বিক্রি হয়। কিন্তু এই দাম কোন প্রভাব ফেলবে না বলেই মনে করছেন ক্রেতারা। 

তাদের দাবি, লিটার প্রতি পাঁচ টাকা কমানোতে জীবনযাত্রার মানে কোনো প্রভাব পড়বে না, উল্টো মালিকপক্ষই লাভবান হবেন। 

তারা আক্ষেপ নিয়ে বলেন, সরকার কমালো যেহেতু, তাহলে মাত্র পাঁচ টাকা না কমিয়ে আগের দামে নিয়ে আসত। এই পাঁচ টাকা কমানোর দরকার ছিলো না।

জ্বালানি তেলের দাম বাড়ানোর পর পরিবহন খাতেও ভাড়া বাড়ানো হয়েছিল। কিন্তু বর্তমানে ৫ টাকা কমানো হলেও পরিবহনের ভাড়া কমবে কী-না, সেই প্রশ্ন যাত্রীদের।

একজন বাসযাত্রী বলেন, ৫ টাকা কমানো হোক বা ১০ টাকা কমানো হোক, কমিয়েছে তো। সে তুলনায় কিছু তো কমানো হবে ভাড়া। কিন্তু তাতো কমানো হয়নি।

আরেকজন যাত্রী বলেন, তেলের দাম কমেছে। কিন্তু বাসভাড়া তো কমেনি। তাতো আগের মতোই আছে। পাঁচ টাকা কমায় আর কী এমন সুবিধা হয়েছে আমাদের?

গেলো পাঁচ আগস্ট তেলের দাম ৪০ থেকে ৫০ শতাংশ বাড়ার পর বাজারে সব পণ্যের দামই বেড়েছে। নতুন দাম বাজারে প্রভাব ফেলবে না বলছেন জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক ম. তামিম। 

তার মতে এতে সরকার প্রায় তিন হাজার কোটি টাকার রাজস্ব বঞ্চিত হলেও মানুষের সুফল মিলবে না। 

দাম কমানোর ফলে লিটার প্রতি ডিজেল ও কেরোসিন এখন ১০৯ টাকা, অকটেন ১২৫ টাকা ও পেট্রোল ১৩০ টাকায় বিক্রি হচ্ছে।  

একাত্তর/এআর