গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ১ জন মারা গেছেন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে ২১ জন মারা গেলেন।
একই সময়ে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ২৫১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে মোট ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ১৮১ জনে।
বুধবার (৩১ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তর থেকে দেওয়া বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় (মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত) আরও ২৫১ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে ৭৮৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে চিকিৎসাধীন। তাদের মধ্যে ১০৯ জন ঢাকার বাইরে চিকিৎসাধীন। এ পর্যন্ত মোট ৫ হাজার ৩৭৬ জন রোগী হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন।
গত কয়েক বছরের তুলনায় এ বছর সিটি করপোরেশনকে ডেঙ্গু ভাইরাসের বড় ধরনের প্রাদুর্ভাবের বিষয়ে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। তারা পরামর্শ দেন, এডিস মশা নিয়ন্ত্রণে করপোরেশনকে অবিলম্বে ব্যাপক ব্যবস্থা নিতে হবে।
একাত্তর/এআর