শেখ হাসিনার সঙ্গে গৌতম আদানির বৈঠক

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেছেন বিশ্বের তৃতীয় ধনী এবং ভারতের অন্যতম শীর্ষ ব্যবসায়ী আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি।

সোমবার সন্ধ্যায় নয়াদিল্লির একটি হোটেলে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে শেখ হাসিনার সঙ্গে গৌতম আদানির পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয়। 

পরে এক টুইট বার্তায় আদানি বলেন, দিল্লিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করা আমার জন্য গৌরবের বিষয়। বাংলাদেশের জন্য তার দৃষ্টিভঙ্গি অনুপ্রেরণার ও সাহসী। 

তিনি আরও বলেন, আমরা চলতি বছরের ১৬ ডিসেম্বরের মধ্যে ১৬০০ মেগাওয়াট গোড্ডা বিদ্যুৎ প্রকল্পের সঞ্চালন লাইন চালু করতে প্রতিশ্রুতিবদ্ধ।

উল্লেখ্য, ঝাড়খণ্ডে আদানি গ্রুপের নির্মীয়মাণ গোড্ডা বিদ্যুতকেন্দ্র থেকে বাংলাদেশকে ১৬০০ মেগাওয়াট বিদ্যুৎ নিজস্ব সঞ্চালন লাইনের মাধ্যমে সরবরাহের কথা রয়েছে।  

গত পাঁচ থেকে সাত বছরে ভারতীয় এই শিল্পপতি প্রতিবেশী বাংলাদেশেও লগ্নির পরিমাণ ক্রমশ বাড়িয়েছেন। ভোজ্যতেল থেকে শুরু করে বিদ্যুৎ বিভিন্ন খাতেই রয়েছে আদানির ফুটপ্রিন্ট।

আরও পড়ুন: ছবিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের দ্বিতীয় দিন

মাত্র গেল সপ্তাহেই ব্লুমবার্গ বিলিওনিয়ারের তালিকায় আদানি উঠে এসেছেন দুনিয়ার তিন নম্বর ধনী ব্যক্তি হিসেবে। 

ধনসম্পত্তির বিচারে ভারতের শিল্পপতি গৌতম আদানির স্থান এখন স্পেসএক্সের ইলন মাস্ক ও অ্যামাজনের জেফ বেজোসের ঠিক পরেই।

ফলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিল্লি সফরের প্রথম দিনেই গৌতম আদানির সাথে একান্ত বৈঠক খুবই তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন ভারতের পর্যবেক্ষকরা।


একাত্তর/এসি