জেলা পরিষদ চেয়ারম্যানদের শপথ পড়ালেন প্রধানমন্ত্রী

জেলা পরিষদে ৫৯ জন চেয়ারম্যানসহ নবনির্বাচিত প্রতিনিধিদের শপথ পাঠ করিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

সোমবার (১৪ নভেম্বর) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে (বিআইসিসি) শপথ অনুষ্ঠানে জেলা পরিষদের চেয়ারম্যানদের শপথ পড়ানো হয়।

এ সময় জেলা পরিষদের ৪৫৪ জন সাধারণ সদস্য ও ১৫৪ জন সংরক্ষিত নারী সদস্যকে শপথ পড়ালেন স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম

প্রসঙ্গত, তফসিল ঘোষিত ৬১টি জেলা পরিষদের মধ্যে ৫৭টির নির্বাচন গত ১৭ অক্টোবর অনুষ্ঠিত হয়। ভোলা ও ফেনী জেলার সব কয়টি পদে একক প্রার্থী থাকায় নির্বাচনের প্রয়োজন পড়েনি।

এদিকে আদালতের নিষেধাজ্ঞা থাকায় চাঁপাইনবাবগঞ্জ ও নোয়াখালী জেলার ভোট স্থগিত হয়। তবে আজ সোমবার চাঁপাইনবাবগঞ্জে জেলা পরিষদ নির্বাচনে ভোট অনুষ্ঠিত হচ্ছে।

সকাল ৯টা থেকে বেলা দুইটা পর্যন্ত পাঁচ উপজেলার পাঁচটি কেন্দ্রের ১০টি ভোটকেন্দ্রে একযোগে ভোট অনুষ্ঠিত হবে। 

আরও পড়ুন: মঙ্গলবার থেকে নতুন অফিস সূচি, পরিবর্তন আসছে ব্যাংকেও

নির্বাচনে চেয়ারম্যান পদে একক প্রার্থী হিসেবে রুহুল আমিন থাকায় ইতিমধ্যেই তাকে চেয়ারম্যান হিসেবে ঘোষণা করেছে জেলা নির্বাচন অফিস। শুধু সদস্য পদে পাঁচটি সাধারণ আসনে ২০ জন প্রার্থী এবং সংরক্ষিত দুটি আসনের জন্য পাঁচ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এর মধ্যে সংরক্ষিত এক নম্বর আসনে দুই জন ও দুই নম্বর আসনে তিন জন এবং সাধারণ আসনগুলোর মধ্যে এক নং সদর উপজেলায় সাত জন, দুই নং নাচোল উপজেলায় তিন জন, তিন নং গোমস্তাপুর ও চার নং ভোলাহাট উপজেলায় চার জন করে ও পাঁচ নং শিবগঞ্জ উপজেলায় দুই জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।


একাত্তর/এসি