কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, দেশের মানুষকে আতঙ্কিত করার জন্য কিছু মিডিয়া, সুশীলেরা দুর্ভিক্ষের কথা মানুষকে শোনাচ্ছে। দেশ বিদেশের অনেকের সাথেই সাক্ষাত করে সুনিশ্চিত হয়েই বলতে পারি সামান্যতম দুর্ভিক্ষের চিহ্ন বাংলাদেশে নেই।
বৃহস্পতিবার (১৭ নভেম্বর) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন, বাংলাদেশ (আইইবি) -এর কৃষি কৌশল বিভাগের উদ্যোগে তিন দিনব্যাপী পেপার উপস্থাপনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, করোনার ফোবিয়ার মতো দুর্ভিক্ষ ফোবিয়ায় মানুষকে আটকে রাখতে চায়। মানুষের আয় বেড়েছে। তাই এখন আর কৃষি খামারে কাজ করছে না।
রাজ্জাক বলেন, বিএনপির সময়ে আলুর উৎপাদন ছিল মাত্র ৫০ লক্ষ টন তা এখন ১ কোটিরও বেশি হয়েছে। আম, ভুট্টা, শাকসবজির উৎপাদন বেড়েছে বহুগুণ। ২০১৮ সালের নির্বাচনে আওয়ামী লীগ সরকার নিরাপদ, পুষ্টিকর, স্বাস্থ্যসম্মত খাবারের নিশ্চয়তার অঙ্গীকার রেখেছে।
আরও পড়ুন: ১৭ অনুষ্ঠান বাতিল করে ৪০ কোটি টাকা ফেরত দিচ্ছে আইসিটি বিভাগ
তিনি বলেন, কৃষি বাণিজ্য আয়ের অন্যতম উৎস হবে এটাই আওয়ামী লীগ সরকারের চেষ্টা। কৃষিকে আধুনিকায়ন করার জন্য সরকার সব সময়ই সংগ্রাম করছে। দেশ এতোই উন্নত হয়েছে যে ধান কাটার জন্য এখন আর শ্রমিক পাওয়া যায় না।
একাত্তর/আরএ