ঢাকায় ভারত মহাসাগরীয় দেশগুলোর সহযোগিতা জোটের (আইওআরএ) মন্ত্রী পর্যায়ের বৈঠকে যোগ দিতে আসছেন না রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ।
শনিবার (১৯ নভেম্বর) রাশিয়া বাংলাদেশকে ল্যাভরভের ঢাকা সফর বাতিলের কথা জানিয়েছে বলে রোববার (২০ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র গণমাধ্যমকে নিশ্চিত করেছে।
সূত্রটি জানায়, সের্গেই ল্যাভরভের পরিবর্তে ঢাকায় দেশটির রাষ্ট্রদূত আলেকজান্ডার মান্টিটস্কি আইওআরএ বৈঠকে তার দেশের প্রতিনিধিত্ব করবেন বলে রাশিয়া বাংলাদেশকে আনুষ্ঠানিকভাবে জানিয়েছে।
দুই দিনের সফরে ঢাকায় আসার কথা ছিল সের্গেই ল্যাভরভের। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ঘিরে বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে তাঁর এই সফরের আলাদা ভূরাজনৈতিক গুরুত্ব ছিল।
কূটনৈতিক বিশ্লেষকেরা বলেছিলেন, আন্তর্জাতিক পরিমণ্ডলে নিজেদের অবস্থান সামনে আনতে দক্ষিণ এশিয়ায় ভারতের পাশাপাশি বাংলাদেশকেও জোরালোভাবে পাশে পাওয়ার চেষ্টায় রুশ পররাষ্ট্রমন্ত্রী ঢাকায় আসছেন। অন্যদিকে তার এই সফরে খাদ্য নিরাপত্তা ও রোহিঙ্গা সংকটের মতো বিষয়গুলো জোরালোভাবে তুলে ধরতে চায় বাংলাদেশও।
আরও পড়ুন: গরীব দেশগুলোকে জলবায়ু পরিবর্তনের ক্ষতিপূরণ দিতে সমঝোতা
সের্গেই ল্যাভরভের ঢাকা সফরকে সামনে রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার সৌজন্য সাক্ষাৎ এবং পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের দ্বিপক্ষীয় আলোচনার প্রস্তুতি নেওয়া হচ্ছিল।
দ্বিপক্ষীয় আলোচনায় রাশিয়া দুই দেশের স্বার্থ-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ের পাশাপাশি ইউক্রেন পরিস্থিতি, ভূ-রাজনীতি এবং রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনার কথা জানিয়েছিল।
একাত্তর/এসজে