রাজধানীর নয়াপল্টনে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষে হতাহত ব্যক্তিদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে এ ঘটনার তদন্তের আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র।
বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) ঢাকায় মার্কিন দূতাবাসের এক বিবৃতিতে দেশটির রাষ্ট্রদূত পিটার হাস বলেন, ‘ঢাকায় রাজনৈতিক সহিংসতা ও ভয়-ভীতি দেখানোর খবরে আমরা উদ্বিগ্ন। আইনের শাসনের প্রতি শ্রদ্ধা এবং সহিংসতা, হয়রানি ও ভয়-ভীতি দেখানো থেকে বিরত থাকার জন্য আমরা সবার প্রতি আহ্বান জানাচ্ছি।’
সভা-সমাবেশের অধিকার রক্ষায় সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘সহিংসতার এই খবরগুলোর সুষ্ঠু তদন্ত করতে এবং মত প্রকাশ, সভা ও শান্তিপূর্ণ সমাবেশের মৌলিক স্বাধীনতা রক্ষা করতে আমরা সরকারি কর্তৃপক্ষকে উৎসাহিত করছি।’
উল্লেখ্য, ১০ ডিসেম্বর ঢাকায় বিএনপির গণসমাবেশ কোথায় হবে তা নিয়ে বিতর্ক-আলোচনার মধ্যেই বুধবার বিকেলে পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষে নয়াপল্টন রণক্ষেত্রে পরিণত হয়। সংঘর্ষে মকবুল আহমেদ নামে একজন নিহত হন। আহত হন পুলিশসহ দলটির অর্ধশত নেতাকর্মী।
আরও পড়ুন: বিএনপি চাইলে কালশী মাঠে সমাবেশ করতে পারবে: স্বরাষ্ট্রমন্ত্রী
ঘণ্টাখানেক সংঘর্ষের পর বিএনপির কার্যালয়ে ঢুকে তল্লাশি চালায় পুলিশ। প্রায় পাঁচ ঘণ্টার অভিযানে কয়েকশ নেতাকর্মীকে আটক করা হয়।
একাত্তর/এসজে