৩০৭ কোটি টাকার সার আমদানির সিদ্ধান্ত

১৫৩ কোটি ৮৬ লাখ ৪০ হাজার টাকা দিয়ে ৩০ হাজার মেট্রিক টন টিএসপি এবং ১৫৩ কোটি ৬০ লাখ ৪৮ হাজার টাকা দিয়ে ৩০ হাজার মেট্রিক টন ইউরিয়া সার আমদানি করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। অর্থাৎ এই দুই ধরনের সার আমদানি করতে ৩০৭ কোটি ৪৬ লাখ ৮৮ হাজার টাকা খরচ হবে।

সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এই এই সার আমদানির অনুমোদন দেয়া হয়েছে। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) এ সভা অনুষ্ঠিত হয়।

সভা শেষে সভার সিদ্ধান্ত জানান মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান।

তিনি জানান, কৃষি মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) -এর মাধ্যমে মরক্কোর ওসিপি, এসএ থেকে ৩০ হাজার টন টিএসপ সার আমদানির অনুমোদন দেয়া হয়েছে। রাষ্ট্রীয় পর্যায়ে চুক্তির আওতায় এই সার আমদানি করা হবে। এর জন্য ব্যয় হবে ১৫৩ কোটি ৮৬ লাখ ৪০ হাজার টাকা।

এছাড়া শিল্প মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজের মাধ্যমে আরব আমিরাতের ফার্টিগ্লোব ডিস্ট্রিবিউশন লিমিটেড থেকে ৩০ হাজার মেট্রিক টন বাল্ক গ্র্যানুলার ইউরিয়া সার আমদানির অনুমোদন দেয়া হয়েছে। এই সারও রাষ্ট্রীয় পর্যায়ে চুক্তির আওতায় আমদানি করা হবে। এতে মোট ব্যয় হবে ১৫৩ কোটি ৬০ লাখ ৪৮ হাজার টাকা।

সাঈদ মাহবুব খান জানান, সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় মোট ৯টি প্রস্তাব উপস্থাপন করা হয়। এর সবকটি অনুমোদন দেয়া হয়েছে। এর মধ্যে বাণিজ্য মন্ত্রণালয়ের ৪টি, কৃষি মন্ত্রণালয়ের ১টি, শিল্প মন্ত্রণালয়ের ১টি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের ১টি, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের ১টি এবং স্থানীয় সরকার বিভাগের ১টি প্রস্তাবনা রয়েছে।

আরও পড়ুন: যাত্রী নিয়ে মেট্রোরেলের চলাচল শুরু

অনুমোদন দেয়া ৯টি প্রস্তাবে মোট অর্থের পরিমাণ ২ হাজার ৪০৫ কোটি ৪৬ লাখ ৪৮ হাজার ৬৬৭ টাকা। মোট অর্থায়নের মধ্যে জিওবি থেকে ব্যয় হবে ৯৩২ কোটি ১৬ লাখ ৭৮ হাজার ৫১৬ টাকা এবং এডিবি, জাইকা ও দেশিয় ব্যাংক ঋণ ১ হাজার ৪৭৩ কোটি ২৯ লাখ ৭০ হাজার ১৫১ টাকা।


একাত্তর/আরএ