মেট্রোরেলের আগারগাঁও-মতিঝিল অংশের ৯২ শতাংশের বেশি নির্মাণকাজ সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট এক কর্মকর্তা। বৈদ্যুতিক ও যান্ত্রিক সিস্টেম স্থাপনের ৮৮ দশমিক ২২ শতাংশ কাজও সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন তিনি। খবর: বাসস।
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লি. (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এমএএন সিদ্দিক বলেন, ‘প্যাকেজ-৫ এর আওতায় আগারগাঁও-কারওয়ান বাজার রুটের ৩ দশমিক ১৯৫ কিলোমিটার রেলপথ ও তিনটি স্টেশনের নির্মাণ কাজ চলছে। তবে ষ্টেশনগুলোর অন্যান্য রেলপথ ও প্লাটফরমের নির্মাণ কাজ ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে।’
তিনি জানান, এই প্যাকেজের আওতায় স্টেশনের প্রবেশ/বহির্গমন পথের নির্মাণ ও প্লাম্বিং কাজের পাশাপাশি আর্কিটেকচারাল, কারিগরি ও ইলেক্ট্রিক্যাল কাজ চলছে। ফার্মগেট ও কারওয়ান বাজার স্টেশনের রুফ-শিট স্থাপন করা হয়েছে। বিজয় স্মরণী স্টেশনের রুফ-শিট স্থাপনের কাজ চলছে।
তিনি আরও জানান, ‘আগারগাঁও থেকে কারওয়ান বাজার পর্যন্ত প্যাকেজের ৯১ দশমিক ৯৮ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে।’
সিদ্দিক বলেন, ২০১৮ সালের ১ আগস্ট থেকে প্যাকেজ-৬ (কারওয়ানবাজার থেকে শাহবাগ) এর কাজ শুরু হয়। এই অংশের রেলপথ ও স্টেশনের প্লাটফরমের কাজ সম্পন্ন হয়েছে। শাহবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ সচিবালয় স্টেশনের রুফ-শিট স্থাপনের কাজ সম্পন্ন হয়েছে। এছাড়া, মতিঝিল স্টেশনের রুফ-শিট স্থাপনের কাজ চলছে এবং প্যাকেজটির ৯২.১৪ শতাংশ কাজের অগ্রগতি হয়েছে।
২০১৮ সালের ১১ জুলাই শুরু হওয়া প্যাকেজ-৭ এর আওতায় বৈদ্যুতিক ও যান্ত্রিক সিস্টেম ডেলিভারি ও নির্মাণ কাজের ৯০ দশমিক ৯৩ শতাংশ অগ্রগতি হয়েছে। স্টেশন এলাকায় রেললাইন, বৈদ্যুতিক ও মেশিনারি স্থাপনের কাজ সম্পন্ন হয়েছে।
সিদ্দিক আরও বলেন, মতিঝিল রিসিভিং সাব-স্টেশন (আরএসএস) ভবনের নির্মাণকাজ, সকল বৈদ্যুতিক সরঞ্জামাদি স্থাপন এবং ১৩২ কেভি ক্যাবেল সংযোগের কাজ সম্পন্ন হয়েছে। আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত ১৬.১৯ কিলোমিটার রেলপথ নির্মাণ ও ওসিএস (ওএস আই সফট ক্লাউড সার্ভিস) প্রবেশদ্বার ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে।
প্যাকেজ-৮ এর আওতায় এমআরটি কর্তৃপক্ষ ২৪ সেট ট্রেনের মধ্যে ২১টি নিয়ে এসেছে। ২২তম ও ২৩তম সেট ট্রেন জাপান থেকে বাংলাদেশে আসছে।
তিনি বলেন, ২০১৭ সালেল ১৩ সেপ্টেম্বর এই প্যাকেজের ক্রয় ও সরঞ্জামাদি সংগ্রহের কাজ শুরু হয়। চলতি বছরের ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহে ট্রেনের শেষ ২৪তম সেটটি জাপানের কোবে সমুদ্র বন্দর থেকে যাত্রা শুরু করবে। ২০২৩ সালের মার্চ মাসের শেষ সপ্তাহে এটি মংলা বন্দরে পৌঁছবে।
প্রকল্প বিবরণীতে বলা হয়, ২১ দশমিক ২৬ কিলোমিটার পথের সবগুলো রুট খুলে দেয়া হলে মেট্রোরেল দিয়ে ঘণ্টায় ৬০ হাজার যাত্রী চলাচল করতে পারবে। উত্তরা থেকে মতিঝিল কমলাপুর রেলস্টেশনে পৌঁছতে ট্রেনটির সময় লাগবে ৪০ মিনিটেরও কম।
তিনি জানান, উত্তরা থেকে কমলাপুর পর্যন্ত আটটি প্যাকেজের আওতায় ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্ট লেন-৬ এর মোট ২১ দশমিক ২৬ কিলোমিটার মেট্রো রেল নির্মিত হচ্ছে।
আরও পড়ুন: রাতে তুরস্ক যাচ্ছে বাংলাদেশের উদ্ধারকারী দল
এই প্রক্রিয়ার সাথে সংশ্লিষ্ট এক প্রকল্প কর্মকর্তা বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশনায় নির্মাণকারী প্রতিষ্ঠানের সাথে ২০২২ সালের ২৮ নভেম্বর এমআরটি লেন-৬ মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত বর্ধিত অংশের নির্মাণকাজের চুক্তি স্বাক্ষরিত হয়।’
শেওড়াপাড়া স্টেশনের প্রবেশ/বহির্গমন পথের নির্মাণকাজ চলছে। পাশাপাশি পল্লবী থেকে আগারগাঁও পর্যন্ত সড়ক সংস্কারের কাজ চলছে। এছাড়া এর মধ্যবর্তী স্থানে চারাগাছ রোপণের কাজও চলছে।
একাত্তর/এসজে