প্রতিমন্ত্রী পলক আবারও করোনা আক্রান্ত

আবারও করোনায় আক্রান্ত হয়েছেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। সোমবার (২৭ ফেব্রুয়ারি) সকালে প্রতিমন্ত্রী নিজেই এক ফেসবুক পোস্টে এ খবর জানান।

এর আগে ২০২২ সালের পাঁচ জানুয়ারি দুই ছেলেসহ করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার কথা জানিয়েছিলেন তিনি।

পলক জানান, সোমবার মন্ত্রিপরিষদ সভা থাকায় রোববার করোনার নমুনা পরীক্ষা করিয়েছিলেন। পরীক্ষায় করোনা পজিটিভ আসে। আর আক্রান্ত হওয়ার খবর জানতে পেরে বর্তমানে নিজ বাসায় আইসোলেশনে রয়েছেন। 

এছাড়া গত কয়েকদিনে যারা তার সংস্পর্শে ছিলেন তাদের করোনার নমুনা পরীক্ষার আহবানও জানিয়েছেন আইসিটি প্রতিমন্ত্রী।

তিনি আরও বলেন, গত কয়েকদিনে আমার সংস্পর্শে যারা ছিলেন তাদের সবাইকে করোনার নমুনা পরীক্ষাসহ স্বাস্থ্যবিধি মেনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। সবার কাছে দোয়া প্রার্থনা করেছেন প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।



একাত্তর/এসি