বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনো বিভিন্নস্থানে পানি ছেটানো অব্যাহত রেখেছে ফায়ার সার্ভিস। আনুষ্ঠানিকভাবে আগুন নিয়ন্ত্রণের খবর জানা গেছে মঙ্গলবারই। তবে, ফায়ার সার্ভিসের কর্মীরা বলছেন, ভেতরে কাপড়ের গোডাউন রয়েছে এবং সেখান থেকে ধোঁয়া বের হতে দেখে পানি ছেটানো হচ্ছে।
বুধবার সকালে বঙ্গবাজারের পূর্ব পাশে এনেক্সকো টাওয়ারের সামনে দেখা যায়- ফায়ার সার্ভিসের আলাদা দুইটি বিশেষ গাড়ির মাধ্যমে পানি ছেটানো হচ্ছে।
ফায়ার সার্ভিস বলছে- আগুন যেন আর ছড়িয়ে যেতে না পারে সেজন্য সার্বক্ষণিক পানি ছেটানো হচ্ছে।
সরেজমিনে দেখা যায়, ব্যবসায়ীরা অনেকেই ধ্বংসস্তূপের মাঝ থেকে কাপড় সংগ্রহের চেষ্টা করছেন। বলছেন, সব পুড়ে যাওয়ায় নিঃস্ব হয়ে গেছেন তারা।
একইসাথে ক্ষতি কাটিয়ে উঠতে সরকারের সহায়তা চেয়েছেন ব্যবসায়ীরা।
এদিকে, ভয়াবহ এই অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে ফায়ার সার্ভিস, পুলিশ ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের তিনটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এক সপ্তাহের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
আরও পড়ুন: মেট্রোরেল চলবে দুপুর ২টা পর্যন্ত
মঙ্গলবার সকাল ৬টা ১০ মিনিটে বঙ্গবাজারে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় তারা। পরে প্রায় সাড়ে ৬ ঘণ্টা পর ফায়ার সার্ভিসের ৫০টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
এ আগুনে বঙ্গবাজারসহ আশপাশের ৬টি মার্কেটের পাঁচ হাজার দোকান পুড়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন। প্রাথমিকভাবে আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
একাত্তর/আরএ