বাংলাদেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। ফলে এবার রমজান মাস ২৯ দিনেই শেষ হলো। আগামীকাল শনিবার (২২ এপ্রিল) দেশে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদযাপিত হবে।
শুক্রবার (২১ এপ্রিল) সন্ধ্যায় বায়তুল মোকাররম মসজিদে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে এ সংবাদ জানান ধর্ম প্রতিমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি মো. ফরিদুল হক খান।
এর আগে সন্ধ্যা ৬ টা ৪৫ মিনিটে বায়তুল মোকাররমের পূর্ব সাহানে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক হয়।
বৈঠক শেষে ধর্ম প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের আকাশে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। সেই অনুযায়ী, আগামীকাল শনিবার সারাদেশে যথাযথ মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।
তিনি আরও বলেন, সভায় ১৪৪৪ হিজরি সনের পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা সম্পর্কে সকল জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশন-এর ৬৪ জেলা কার্যালয়, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত তথ্য নিয়ে পর্যালোচনা করে সিদ্ধান্ত গৃহীত হয় যে, আজ শুক্রবার বাংলাদেশের আকাশে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। এমতাবস্থায়, আগামীকাল শনিবার সারাদেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে প্রতি বছরের মতো এবারও বায়তুল মুকাররম জাতীয় মসজিদে পর্যায়ক্রমে ঈদের নামাজের ৫টি জামায়াত অনুষ্ঠিত হবে।
এসব জামায়াতে আলাদা আলাদা আলেমগণ ইমাম ও মুকাব্বির দায়িত্ব পালন করবেন। ঈদের প্রথম জামায়াত অনুষ্ঠিত হবে সকাল ৭টায়। এতে ইমাম থাকবেন বায়তুল মুকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মুফতি মাওলানা মো. মিজানুর রহমান এবং মুকাব্বির হিসেবে থাকবেন ক্বারী মো. ইসহাক মুয়াজ্জিন।
দ্বিতীয় জামায়াত অনুষ্ঠিত হবে সকাল ৮টায়, ইমাম থাকবেন বায়তুল মুকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মুফতি মুহিবুল্লাহিল বাকী এবং মুকাব্বির থাকবেন বায়তুল মুকাররম জাতীয় মসজিদের খাদেম হাফেজ মো. আব্দুল মান্নান।
তৃতীয় জামায়াত অনুষ্ঠিত হবে সকাল ৯টায়, এতে ইসলামিক ফাউন্ডেশনের মুফাসসির ড. মোঃ আবু ছালেহ পাটোয়ারী ইমাম হিসেবে থাকবেন এবং মুকাব্বির হিসেবে বায়তুল মুকাররম জাতীয় মসজিদের সাবেক মুয়াজ্জিন হাফেজ মো. আতাউর রহমান থাকবেন।
চতুর্থ জামায়াত হবে সকাল ১০টায়। বায়তুল মুকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মো. এহসানুল হক ইমাম হিসেবে থাকবেন এবং মুকাব্বির হিসেবে থাককেন বায়তুল মুকাররম জাতীয় মসজিদের চীফ খাদেম মো. শহিদ উল্লাহ।
আরও পড়ুন: অবশেষে রাজধানীতে স্বস্তির বৃষ্টি
পঞ্চম ও সর্বশেষ জামায়াত অনুষ্ঠিত হবে সকাল ১০টা ৪৫ মিনিটে। ইমাম থাকবেন বায়তুল মুকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম, হাফেজ মাওলানা মুফতি মুহীউদ্দিন কাসেম এবং মুকাব্বির হিসেবে থাকবেন বায়তুল মুকাররম জাতীয় মসজিদের খাদেম হাফেজ মো. জহিরুল ইসলাম।
এছাড়া ৫টি জামায়াতে নির্ধারিত কোনো ইমাম অনুপস্থিত থাকলে বিকল্প ইমাম হিসেবে দায়িত্ব পালন করবেন ইসলামিক ফাউন্ডেশনের মুফতি মাওলানা মোহাম্মদ আব্দুল্লাহ।
এর আগে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন ১৫টি দেশসহ বিভিন্ন দেশে শুক্রবার ঈদুল ফিতর পালিত হচ্ছে। বিশ্বের বাকি দেশগুলোতে শুক্রবার চাঁদ দেখা গেলে শনিবার অনুষ্ঠিত হবে মুসলিম ধর্মাবলম্বীদের অন্যতম বৃহৎ এই উৎসব।
অন্যদিকে সৌদি আরবের সঙ্গে মিল রেখে দেশের চাঁদপুর, জামালপুর, শেরপুর, লক্ষ্মীপুর, নারায়ণগঞ্জ, পটুয়াখালীসহ দেশের বিভিন্নস্থানে উদযাপিত হচ্ছে ঈদুল ফিতর।
একাত্তর/আরবিএস