সুদানে থাকা বাংলাদেশিদের দ্রুত ফেরানো হচ্ছে: শাহরিয়ার

সুদানে তুমুল লড়াইয়ের মধ্যে সেখানে থাকা প্রবাসী বাংলাদেশিদের দ্রুত ফিরিয়ে আনা হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।  

তিনি বলেছেন, ‘নিরাপদে অন্য দেশের মাধ্যমে’ প্রবাসীদের ফিরিয়ে আনার কাজ ইতোমধ্যেই শুরু হয়েছে। 

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে মঙ্গলবার দেয়া এক পোস্টে সরকারের এই সিদ্ধান্তের কথা জানান শাহরিয়ার আলম। 

তিনি বলেন, সুদানে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের নিরাপদে অন্য দেশের মাধ্যমে বাংলাদেশে ফিরিয়ে আনার কার্যক্রম শুরুর সিদ্ধান্ত হয়েছে। খারতুমে বাংলাদেশ দূতাবাস ইতিমধ্যে এই বার্তা সেখানে অবস্থানরত বাংলাদেশিদের মধ্যে প্রচার শুরু করেছে।

‘আইনশৃঙ্খলা পরিস্থিতির উপরে নির্ভর করবে, কীভাবে, কোন পদ্ধতিতে তারা যাত্রা করবেন।’ 

সবাইকে দূতাবাসের নির্দেশনা মেনে নিবন্ধন ও প্রয়োজনীয় কাজ করার অনুরোধ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। 

১৫ এপ্রিল থেকে আফ্রিকার দেশ সুদানের সামরিক ও আধা সামরিক বাহিনী র‍্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) মধ্যে তুমুল লড়াই শুরু হয়েছে। 

প্রাণঘাতী ওই সংঘাতে ১০ দিনের মধ্যে প্রায় সাড়ে চারশো মানুষ নিহত হয়েছেন। আহতের সংখ্যা কয়েক হাজার। 

সংঘাতের এক পক্ষে রয়েছেন দেশটির সেনাপ্রধান। আর আরেক পক্ষে আরএসএফের প্রধান।

দুই পক্ষের সংঘাতের মধ্যে সুদান থেকে সরে পড়া শুরু করেছেন বিদেশি কূটনীতিকরা। বহু মানুষ নিরাপদ আশ্রয়ের খোঁজে সুদান ছাড়ছেন। 

আরও পড়ুন: দ্বিতীয়বার প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হচ্ছেন বাইডেন

পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফেসবুক পোস্টে বলেছেন, ‘বাংলাদেশের সাংবাদিকদের অনুরোধ করছি, দূতাবাসে যোগাযোগ না করার জন্য। কারণ সকলেই ব্যস্ত এবং রুটগুলো নিরাপত্তার খাতিরে না জানানোই ভালো।’


একাত্তর/আরবি