চীনের টিকায় আবারও গণটিকাদান শুরু

চীন সরকারের উপহার সিনোফার্মের টিকা দিয়ে দেশে আবারও শুরু হলো টিকাদান কার্যক্রম। 

শনিবার (১৯ জুন) সকাল থেকে এই ভ্যাকসিন প্রয়োগ করা শুরু হয়। প্রাথমিকভাবে মেডিক্যাল শিক্ষার্থীদের দিয়ে এই টিকা কার্যক্রম শুরু হয়েছে বলে জানিয়েছেন শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. খলিলুর রহমান।

এদিকে স্বাস্থ্য অধিদপ্তর জানায়, ঢাকা জেলায় চারটি মেডিক্যাল কলেজ হাসপাতালের মাধ্যমে দেওয়া হবে সিনোফার্মের ভ্যাকসিন। 

এই চারটি হাসপাতাল হচ্ছে- ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল, স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতাল, শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল ও মুগদা মেডিক্যাল কলেজ হাসপাতাল। এসব হাসপাতালে একটি করে টিকা কেন্দ্র হবে এবং প্রতি কেন্দ্রে দুটি করে বুথ থাকবে। তাছাড়া ঢাকা জেলা বাদে প্রতি জেলায় একটি করে ভ্যাকসিনেশন কেন্দ্র হবে এবং প্রতিটি কেন্দ্রে দুটি করে বুথ থাকবে। তবে বুথ চালু করতে হবে টিকা গ্রহিতার সংখ্যার ওপর নির্ভর করে। ১৫০-২০০ জনের জন্য একটি বুথ চালু করা যাবে। দুইশ’র বেশি গ্রহিতা হলে দুটি বুথ চালু করতে হবে।

আরও পড়ুন: কারা সিনোফার্মের টিকা পাবেন?

এছাড়া যে সব জেলায় মেডিক্যাল কলেজ হাসপাতাল নেই, সে সব জেলায় সিভিল সার্জন জেলা কোভিড-১৯ ভ্যাকসিনেশন কমিটির সঙ্গে আলোচনা করে জেলা সদর হাসপাতাল অথবা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের যেকোনও একটিকে জেলা ভ্যাকসিনেশন কেন্দ্র হিসাবে ঘোষণা দেবেন এবং ওই কেন্দ্রে দুটি বুথ থাকবে। টিকা কেন্দ্র শুক্রবার ও সরকারি ছুটির দিন ছাড়া প্রতিদিন সকাল ৮টা থেকে বেলা ৩টা পর্যন্ত খোলা রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

দ্বিতীয় ডোজ চার সপ্তাহ পর

সিনোফার্মের টিকার প্রথম ডোজের সঙ্গে দ্বিতীয় ডোজের ব্যবধান নির্ধারণ করা হয়েছে চার সপ্তাহ বা ২৮ দিন। এছাড়া ভ্যাকসিন কেন্দ্রের অন্য ব্যবস্থাপনা আগের মতোই প্রস্তুত করার নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

স্বাস্থ্য অধিদফতরের সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) পরিকল্পনা অনুযায়ী, নির্দিষ্ট প্রতিষ্ঠানসমূহে যারা আগে নিবন্ধন করেছেন, কিন্তু এখন পর্যন্ত প্রথম ডোজ ভ্যাকসিন পাননি, তাদের ভ্যাকসিন দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। এ ক্ষেত্রে নির্দিষ্ট কেন্দ্র থেকে এসএমএস’র মাধ্যমে সংশ্লিষ্ট ব্যক্তিকে জানাতে হবে এবং এ ক্ষেত্রে কেন্দ্র পরিবর্তন করে ভ্যাকসিন নেওয়ার সুযোগ থাকছে না।

একাত্তর/এসি