আজ কমনওয়েলথ সম্মেলনে যোগ দেবেন প্রধানমন্ত্রী

আজ কমনওয়েলথ দেশগুলোর সরকারের নেতাদের দ্বি-বার্ষিক শীর্ষ সম্মেলনে কমনওয়েলথ সরকার প্রধানদের বৈঠকে যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

স্থানীয় সময় দুপুর দুইটায় লন্ডনে কমনওয়েলথ সেক্রেটারিয়েট মার্লবোরো হাউসে এই শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। 

এদিন দুপুর দুইটা থেকে পৌনে তিনটা পর্যন্ত কমনওয়েলথের প্রধান রাজা তৃতীয় চার্লস কমনওয়েলথ সরকার প্রধানদের সঙ্গে কুশল বিনিময় করবেন।

এরপর বিকেল তিনটা থেকে সাড়ে চারটা পর্যন্ত কমনওয়েলথ নেতৃবৃন্দ প্রধান সম্মেলন কক্ষে রুদ্ধদ্বার বৈঠক করবেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন রুয়ান্ডার প্রেসিডেন্ট পল কাগামে। অনুষ্ঠানে কমনওয়েলথ সরকার প্রধানদের ছবি ধারণ করা হবে।

পরে বিকেল সোয়া পাঁচটায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বার্কিংহাম প্রাসাদে রাজা ও কুইন কনসোর্টের অভিষেক অনুষ্ঠানে অংশ নিতে আসা সরকার ও রাষ্ট্রপ্রধান বা বিদেশি প্রতিনিধিদের জন্য রাজা তৃতীয় চার্লসের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন।

জাপানে দ্বিপাক্ষিক সফর ও যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি নগরীতে বাংলাদেশের সঙ্গে বিশ্বব্যাংকের ৫০ বছর পূর্তি উপলক্ষে অনুষ্ঠানে যোগদানের পর প্রধানমন্ত্রী তার সফরের তৃতীয় ধাপে ছয় মে অনুষ্ঠিতব্য রাজা তৃতীয় চার্লসের রাজ্যাভিষেক অনুষ্ঠানে যোগ দিতে চার মে রাত ১১টা ৪৯ মিনিটে লন্ডনে পৌঁছান।

মা রানী দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর ২০২২ সালের আট সেপ্টেম্বর গ্রেট ব্রিটেন এবং উত্তর আয়ারল্যান্ড যুক্তরাজ্যের রাজা হন তৃতীয় চার্লস (৭৪)।

রাজকীয় ঐতিহ্য অনুসারে, জাতীয় শোক পালন ও ব্যাপক প্রস্তুতির কয়েক মাস পরে ব্রিটিশ রাজার রাজ্যাভিষেক অনুষ্ঠিত হয়। আগামী ছয় মে লন্ডনের ওয়েস্টমিনস্টার অ্যাবেতে রাজা তৃতীয় চার্লসের রাজ্যাভিষেক অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন: টাকা পেলে ঢাকাকে পানি দিতে আপত্তি নেই মমতার

অনুষ্ঠানে আয়ারল্যান্ড, ফ্রান্স, স্পেন, বেলজিয়াম, জাপান, হাঙ্গেরি এবং অস্ট্রেলিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত বছর লন্ডনে রাজা তৃতীয় চার্লসের সঙ্গে দেখা করেছিলেন এবং রানী দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে শোক প্রকাশ করেছিলেন।


একাত্তর/এসি