বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২তম জন্মবার্ষিকীর মূল অনুষ্ঠান এ বছর নওগাঁর পতিসর অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে এবং নওগাঁ জেলা প্রশাসনের আয়োজনে তিন দিন ব্যাপী কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
অনুষ্ঠানকে ঘিরে পতিসরের আশপাশের গ্রামগুলোতে উৎসবের আমেজ সৃষ্টি হয়েছে। নওগাঁর রাণীনগর, আত্রাই, নাটোরের সদর উপজেলা এবং বগুড়ার আদমদীঘি ও নন্দীগ্রাম উপজেলার গ্রামগুলোতে এই উৎসব ছড়িয়ে পড়েছে। উৎসব ঘিরে দূর-দূরান্ত থেকে আসছে আত্মীয়রা।
সোমবার বেলা আড়াইটায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের উদ্বোধন করবেন বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। এ অনুষ্ঠানে স্মারক বক্তা হিসেবে থাকবেন মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল ইসলাম।
সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালিদের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন- সংসদ সদস্য শহীদুজ্জামান সরকার, সংসদ সদস্য ছলিম উদ্দিন তরফদার, সংসদ সদস্য ব্যারিস্টার নিজামুদ্দিন জলিল জন, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. শাহ আজম, নওগাঁর জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান এবং পুলিশ সুপার মোহাম্মদ রাশিদুল হক।
অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট রবীন্দ্র গবেষক ও রাজশাহী কলেজের প্রাক্তন অধ্যক্ষ ডক্টর মোহাম্মদ আশরাফুল ইসলাম।
উদ্বোধনী অনুষ্ঠানের পর ঢাকার এবং নওগাঁর কলাকুশলীর সমন্বয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হবে। পরে ঢাকা ও নওগাঁর সংস্কৃতি কর্মীরা নাচ ও গান পরিবেশন করবেন ।
এদিকে বিশ্বকবি ও গীতাঞ্জলী রচিয়তা রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২ তম জন্মবার্ষিকী এ উপলক্ষে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার শিলাইদহে কবি স্মৃতি বিজড়িত কুঠিবাড়িতে তিন দিনব্যাপী গ্রামীণ মেলা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় ও জেলা প্রশাসন আয়োজিত জন্মোৎসবের অনুষ্ঠানমালা চলবে আগামী বুধবার মধ্যরাত পর্যন্ত।
আরও পড়ুন: বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী আজ
সোমবার সকাল ১০ টায় তিন দিনব্যাপী অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মাহবুব উল আলম হানিফ।
এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম। কবির জন্মোৎসব উপলক্ষে কুঠিবাড়ি চত্বর সেজেছে বর্ণিল সাজে।
একাত্তর/এসি