আগামী কয়েক দিনের মধ্যেই চলমান লোডশেডিং পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে বলে জানিয়েছে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান।
শুক্রবার বিকেলে তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের নবনির্মিত কার্যালয় পরিদর্শন শেষে তিনি এ মন্তব্য করেন।
এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে সালমান এফ রহমান বলেন, আগামী ১০ দিনের মধ্যেই পায়রা বিদ্যুৎ কেন্দ্র চালু হচ্ছে। কাজেই চলমান বিদ্যুত সঙ্কট আর থাকছেনা।
এদিকে এই প্রথম একটি কার্যালয় পেলো ঢাকা জেলা আওয়ামী লীগ। শনিবার এই কার্যালয়টি প্রধানমন্ত্রীর উদ্বোধনের কথা রয়েছে।
বিকেলে ঢাকার মধ্যবর্তী এলাকা তেজগায় নির্মিত দলীয় কার্যালয় দেখতে আসেন আওয়ামী লীগ নেতারা। শনিবার এটি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার আগে শেষ মুহুর্তের প্রস্তুতি দেখতেই কেন্দ্রীয় নেতাদের এই পরিদর্শন।
দলের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, ত্রাণ ও দূর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী এনামুর রহমান, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল ও প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান ভবনটি পরিদর্শন করেন।
ঢাকা জেলার আওয়ামী লীগের জন্য নতুন এই কার্যালয় নির্মানের মধ্য দিয়ে দলের নেতা-কর্মী পারস্পরিক যোগাযোগ ও দলীয় কার্যক্রমে সম্পৃক্ততা বাড়াবে বলে মনে করেন কেন্দ্রীয় নেতারা।
একাত্তর/এসি