পায়রার কয়লা আসতে আরও ২০-২৫ দিন: নসরুল হামিদ

জ্বালানির অভাবে বন্ধ হয়ে যাওয়া পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের কয়লা আসতে ২০ থেকে ২৫ দিন সময় লাগবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী। 

শনিবার সাংবাদিকদের তিনি বলেন, ‘অর্ধেক বন্ধ হয়ে গেছে। বাকী অর্ধেক পাঁচ তারিখে বন্ধ হবে। এখানে কয়লার অভাব দেখা গেছে। কয়লা আসতে আসতে ২০-২৫দিন লেগে যাবে। আমাদের এলসি খুলতে দেরি হয়েছে এজন্য। অন্য বিষয়গুলোও ছিল।’ 

ডলার সংকটের কারণে কয়লার দাম দিতে না পারায় সাময়িকভাবে বন্ধ করে দেয়া হচ্ছে ১৩২০ মেগাওয়াট ক্ষমতার দেশের অন্যতম বড় বিদ্যুৎ কেন্দ্রটি। 

পায়রার বিদ্যুৎ জাতীয় গ্রিডে যোগ না হওয়ার কারণে লোড শেডিং বেড়ে দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। 

আরও পড়ুন: কয়লার অভাবে পায়রা বিদ্যুৎ কেন্দ্র সাময়িকভাবে বন্ধ

নসরুল হামিদ বলেন, ‘এখানে আমরা একটা বড় বিদ্যুৎ সিস্টেমে পাচ্ছি না। এ কারণে আমি মনে করি যে, কিছুটা জন দুর্ভোগ হচ্ছে। লোড শেডিং বেড়ে গেছে। কয়েকটা বিদ্যুতের কেন্দ্র কাজ না করাতে। তেলের ব্যাপারেও আমরা রীতিমতো হিমশিম খাচ্ছি।’ 


একাত্তর/আরবি