টিকা নিয়ে সব দেশ মুলা দেখাচ্ছে: পররাষ্ট্রমন্ত্রী

করোনা টিকা নিয়ে সব দেশই মুলা দেখাচ্ছে, এমন মন্তব্য করে পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন বলেছেন, টিকা নিয়ে আপতত কোন সুখবর নেই। 

তিনি বলেন, টিকা নিয়ে প্রতিশ্রুতি দিয়েও কথা রাখছে না কোনো দেশ। উল্টো অনেকেই আবার টিকার বিনিময়ে আন্তর্জাতিক স্বার্থ উদ্ধার করতে চায়।

জাতিসংঘের আমন্ত্রণে যুক্তরাষ্ট্র সফর শেষে, মঙ্গলবার (২২ জুন) দেশে ফিরে সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় তিনি এসব কথা জানান। 

মন্ত্রী বলেন, "সবাই এখন ভ্যাকসিন ব্যবসায়ী। সবাই আমাদের কাছে বিক্রি করার জন্য আসছে। সেই সঙ্গে স্বার্থ হাসিলের চেষ্টাও করছে"।

বিশ্বজুড়ে করোনার টিকা পাওয়া নিয়ে যে সংকট তৈরি হয়েছে, তাতে সামিল বাংলাদেশও। এখন পর্যন্ত চীন, আমেরিকা ও রাশিয়া বাংলাদেশের কাছে টিকা বিক্রি করতে রাজি হয়েছে। অন্যদিকে, আগামী আগষ্টে আবারো টিকা পাওয়া যাবে বলে আশ্বাস দিয়েছে ভারতে।

মোমেন বলেন, "টিকা নিয়ে সুখবর পাবো কিন্তু কবে পাবো সেটি এখন বলতে পারছি না। পৃথিবীর ধনী সাতটি দেশ ১০০ কোটি টিকা দেবে বলে জানিয়েছে। খালি শুনছি দেবে, কিন্তু দেওয়ার কথা কেউ বলছে না, শুধু আশ্বাস দিচ্ছে।" 

এ সময় তিনি জানান, টিকা একটি একটা মজার জিনিস। এখন সাংবাদিক, সাহিত্যিক, গায়ক, ব্যবসায়ী সবাই এখন টিকা ব্যবসায়ী। একজন আমেরিকান ব্যক্তি জানিয়েছে, তিনি রাশিয়ার টিকা ডিলারশিপ পেয়েছেন। আর রাশিয়া জানিয়েছে, তাদের কোন ডিলারই নেই। 

আরও পড়ুন: মোমেনের সঙ্গে মতোবিরোধকে উড়িয়ে দিলেন মান্নান

পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে বিশ্বের ধনীদেশগুলো নিজেদের চাহিদার চেয়ে বেশি টিকা মজুদ করে রেখেছে। ফলে বাংলাদেশের মতো দেশগুলো টিকা পাচ্ছে না। 

পররাষ্ট্রমন্ত্রীর মতে মৃত্যুর হার কম তাই অনেক দেশই বাংলাদেশকে টিকা দিতে আগ্রহ কম দেখাচ্ছে। দেশে টিকা উৎপাদন করা গেলেই এই সমস্যার সমাধান হবে বলেও জানান মন্ত্রী। 



একাত্তর/আরবিএস