সারা দেশে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু হচ্ছে রোববার। ওইদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শিশুদের খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল।
বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে একথা জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। বরাবরের মতো এবারও ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের যৌথ আয়োজনে রয়েছে জাতীয় পুষ্টিসেবা, জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান, স্বাস্থ্য অধিদপ্তর ও স্বাস্থ্য সেবা বিভাগ।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, এই কর্মসূচির আওতায় ৬ থেকে ১১ মাস বয়সী ২৫ লাখ শিশুকে নীল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে। আর ১২ থেকে ৫৯ মাস বয়সী প্রায় ১ কোটি ৯৫ লাখ শিশুকে খাওয়ানো হবে লাল রঙের ক্যাপসুল।
তিনি বলেন, শিশুদের ভরা পেটে ভিটামিন ‘এ প্লাস’ খাওয়াতে হবে। কান্নারত বা অসুস্থ শিশুকে খাওয়ানো যাবে না। ক্যাম্পেইন চলবে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।
স্বাস্থ্যমন্ত্রী জানান, ভিটামিন ‘এ’ ক্যাম্পেইনের মাধ্যমে আমাদের দেশে রাতকানা রোগ অনেক কমে এসেছে। রাতকানা রোগী এখন দেখা যায় না বললেই চলে। আমাদের দেশে এখন রাতকানা রোগী শূন্য দশমিক ০৪ শতাংশ অর্থাৎ আধা শতাংশেরও কম। এই ক্যাম্পেইন আমরা সারা দেশে পরিচালনা করছি।
আরও পড়ুন: সামাজিক ন্যায়বিচারকে গুরুত্ব দিন: বিশ্ব সম্প্রদায়কে প্রধানমন্ত্রী
তিনি বলেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার স্বাস্থ্যখাতে অনেক গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে। যার ফলে বাংলাদেশে অপুষ্টির হার কমেছে এবং শিশু ও মাতৃমৃত্যু উল্লেখযোগ্য হারে হ্রাস পেয়েছে। শুধু দেশেই নয়, বিশ্ব নেতৃত্বের পুষ্টি ফোরামে গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে বাংলাদেশ সারা বিশ্বের পুষ্টি পরিস্থিতি উন্নয়নে নেতৃত্ব দিচ্ছে।
একাত্তর/আরএ